মুম্বাইয়ে সিলিন্ডার থেকে বিষাক্ত গ্যাস নিঃসরণ, অসুস্থ ৯২
ভারতের বাণিজ্যিক রাজধানী বলে পরিচিত মুম্বাইয়ে সিলিন্ডার থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিঃসৃত হয়ে কমপক্ষে ৯২ জন অসুস্থ হয়েছে। তাদের মধ্যে ৭৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলের সেউরি শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা উদয় ঠাকরে বলেন, মঙ্গলবার রাত সোয়া তিনটায় মুম্বাই পোর্ট ট্রাস্টের মালিকানাধীন জায়গায় একটি সিলিন্ডার থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিঃসরণ শুরু হয়। খবর পেয়েই আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে চারটার দিকে নিঃসরণ বন্ধ করতে সক্ষম হন। সেখানে তিনটি সিলিন্ডার ছিল। অন্য সিলিন্ডার দুটিও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। তবে সেগুলোতে কোনো সমস্যা নেই। তিনি আরও জানান, কাজ করার সময় তাঁদের চারজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, মুম্বাই পোর্ট ট্রাস্টের ওই জায়গা মূলত কার্গো ও কনটেইনার মজুদ রাখা এবং সরবরাহের জন্য ব্যবহার করা হয়। মঙ্গলবার রাতে গ্যাস নিঃসরণের ঘটনায় আশপাশের লোকজন অসুস্থ হতে থাকে। তাদের জেজে হাসপাতাল ও কেইএম হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ ব্যক্তিরা তীব্র শ্বাসকষ্টে ভুগছে। আশঙ্কাজনক অবস্থায় কমপক্ষে ১০ জনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অসুস্থদের মধ্যে লাল বাহাদুর শাস্ত্রী মেরিটাইম কলেজের ১৪ জন শিক্ষার্থী রয়েছেন। অসুস্থ এক ব্যক্তির স্বজন ইব্রাহিম দাউদ জানান, তাঁর ভাগ্নেকে জেজে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সে তীব্র বুকের ব্যথায় ভুগছে। স্থানীয় একজন কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলের এই অঞ্চলে মানুষের বসতি কিছুটা কম। তাই আশঙ্কার তুলনায় অসুস্থ লোকজনের সংখ্যা কিছুটা কম বলে ধারণা করছেন স্থানীয় কর্মকর্তারা। মুম্বাই পোর্ট ট্রাস্টের ডেপুটি চেয়ারম্যান রাহুল আস্তানা বলেন, অনেক ব্যবসায়ী পুনরায় ব্যবহারের জন্য ক্লোরিন গ্যাসের সিলিন্ডার আমদানি করেন। যে সিলিন্ডার থেকে গ্যাস নিঃসৃত হয়েছে, তাও প্রায় খালি ছিল। অবশিষ্ট যেটুকু ছিল তাই নিঃসৃত হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিপদমুক্ত হতে সিলিন্ডারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বিজয় কুমার বলেন, গ্যাস নিঃসরণের ঘটনায় ৯২ জন অসুস্থ হয়েছে। তার মধ্যে ৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে আইসিইউ ও ৭০ জনকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে। অন্যদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাপরিচালক বলেন, এ ধরনের ঘটনা সচরাচর ঘটে না। তার পরও ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এএফপি, এনডিটিভি অনলাইন।