মুম্বাইয়ে স্কুলশিশুদের সঙ্গে দেওয়ালি উদযাপন করবেন ওবামা
ভারত সফরে গিয়ে মুম্বাইয়ের স্কুলশিশুদের সঙ্গে দেওয়ালি উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামা। এর আগে তিনি মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬/১১-এর সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আগামী ৬ নভেম্বর ওবামা ভারত সফর শুরু করবেন মুম্বাই থেকে। খবর পিটিআইর।ভারত সফরের সময় মুম্বাইয়ে গান্ধী জাদুঘরও পরিদর্শন করবেন ওবামা। তিনি সেখানে ব্যবসায়িক বৈঠকেও অংশ নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা। মুম্বাই সফরকালে ওবামা ২৬/১১-এর স্মৃতিবিজড়িত হোটেল তাজে টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটার আতিথেয়তা গ্রহণ করবেন। আজ বৃহস্পতিবার ভারতের শীর্ষ ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।হোটেলে অবস্থানকালে প্রেসিডেন্ট ওবামার সামনে ২৬/১১-এর মুম্বাইয়ের শ্বাসরুদ্ধকর জঙ্গি হামলার বিবরণ তুলে ধরবেন রতন টাটা। টাটা শিল্প গোষ্ঠী তাজ হোটেলের মালিক।