মুম্বাইয়ে হামলাকারী ৯ জনকে গোপনে দাফন
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ২০০৮ সালের নভেম্বরে সন্ত্রাসী হামলার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত নয় হামলাকারীকে গোপনে দাফন করা হয়েছে। গতকাল বুধবার মহারাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল এ কথা জানিয়েছেন। তবে কোথায় ও কখন তাদের দাফন করা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দেননি। একমাত্র জীবিত হামলাকারী আজমল আমির কাসাব বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক রয়েছে এবং সম্প্রতি তার বিচার শেষ হয়েছে। আগামী মাসের শুরুতে কাসাবের মামলার রায় দেওয়ার কথা রয়েছে। ওই হামলায় ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।স্বরাষ্ট্রমন্ত্রী পাতিল জানান, গত জানুয়ারিতে তাদের দাফন করা হয়েছে। তবে নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি। রাজ্য বিধানসভার একটি অধিবেশনে পাতিল বলেন, ‘মৃতদেহগুলো আরও বেশি দিন সংরক্ষণ করে রাখার কোনো কারণ খুঁজে পাইনি আমি। তাই তাদের দাফন করার সিদ্ধান্ত নেই আমরা। তবে ঘটনাটি সাধারণ নাগরিক ও সংবাদমাধ্যমের কাছে গোপন রাখা হয়েছিল।’ ভারতীয় মুসলমানেরা কোনো করবস্থানে তাদের দাফন করতে না দেওয়ায় এক বছরের বেশি সময় ধরে মর্গে ওই লাশগুলো সংরক্ষণ করা হয়। নিহত ব্যক্তিদের পক্ষ থেকেও কেউ মৃতদেহগুলো দাবি করেনি। ভারত সরকার হামলাকারী ব্যক্তিদের পাকিস্তানি নাগরিক দাবি করলেও পাকিস্তান ওই দাবি অস্বীকার করে।গত নভেম্বরে ভারতের মুসলিম কাউন্সিল ট্রাস্টের সভাপতি ইব্রাহিম তাই বলেন, ‘মৃতদেহগুলোকে দাফন করতে হলে তা অজ্ঞাত স্থানে করা উচিত। আমরা জানি, পাকিস্তান সরকার মৃতদেহগুলো ফিরিয়ে নেবে না। তাই তাদের গোপনে দাফন করা উচিত, যাতে পর্যটক বা আর কেউ এ নিয়ে কথা না বলে বা তাদের কবর দেখতে না যায়।’ বিবিসি, এএফপি।