মুম্বাইয়ের ভোটে অনেক তারকা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে আজ বৃহস্পতিবারের ভোটে বলিউডের অনেক তারকাই নেই। আইআইএফএ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে অংশ নিতে তাঁরা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বে আজ ১১টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের (পদুচেরি) ১১৭ আসনে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে মুম্বাইও রয়েছে। সেখানকার ভোটাররা উত্সবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। কিন্তু অনুপস্থিত রয়েছেন মুম্বাইয়ের জনপ্রিয় অনেক তারকা।

আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মুম্বাইয়ে ভোটের দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন হৃতিক রোশন, সাইফ আলী খান, কারিনা কাপুর, সাবেক সাংসদ ও অভিনেত্রী শাবানা আজমি, জাভেদ আখতার, তাঁর ছেলে ফারহান আখতারসহ অনেকেই।

আজ সকালে অবশ্য ভোট দিয়েছেন অভিনেত্রী বিদ্যা বালান। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভোট দেওয়াটা তাঁর নাগরিক দায়িত্ব।

বচ্চন পরিবার, আমির খান, শাহরুখ খান এখন মুম্বাইয়ে অবস্থান করছেন। তাঁরাও ভোট দিতে যাবেন বলে আশা করা হচ্ছে।

ভোট বাদ দিয়ে অ্যাওয়ার্ডে অংশ নিতে দেশের বাইরে থাকা তারকাদের সমালোচনা করেছেন কেউ কেউ। এঁদের মধ্যে গীতিকার প্রসূন জোশি রয়েছেন। তিনি বলেন, সবার আগে দেশ।