মুরসি জিহাদ ছেড়ে যুক্তরাষ্ট্রকে খুশি করতে চান: জাওয়াহিরি
আল-কায়েদার নেতা আইমান আল-জাওয়াহিরি মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উত্খাতের নিন্দা জানিয়েছেন। তিনি একই সঙ্গে বলেছেন, মুরসি জিহাদ ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন।
আজ শনিবার ইন্টারনেটে ১৫ মিনিটের একটি অডিও বার্তায় এসব কথা বলেন জাওয়াহিরি। এপির বরাত দিয়ে ইউএসএ টুডে এ তথ্য জানিয়েছে।
অডিও বার্তায় জাওয়াহিরি আরও বলেন, মুরসি ইসলামপন্থী হওয়ায় গত ৩ জুলাই সেক্যুলারপন্থী, কপটিক খ্রিষ্টান ও মিসরের মার্কিন ঘরানার সেনাবাহিনীর ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন। তবে তিনি এ-ও বলেন, মুরসির দল মুসলিম ব্রাদারহুড জিহাদ ছেড়ে দিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র ও সেক্যুলারপন্থীদের সন্তুষ্ট করতে চেষ্টা চালাচ্ছে।
আল-কায়েদার ব্যবহূত একটি ওয়েবসাইটে জাওয়াহিরি তাঁর ওই অডিও বার্তাটি প্রচার করেন। তবে ওই বার্তার সত্যতা এখনো কেউ স্বীকার করেননি।