মুরসি জয়ী হয়েছেন, দাবি মুসলিম ব্রাদারহুডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি এগিয়ে রয়েছেন বলে গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।তবে ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড দাবি করেছে, তাদের প্রার্থী মোহাম্মদ মুরসি নির্বাচনে জয়ী হয়েছেন। সংগঠনটির দাবি, মোহাম্মদ মুরসি ৫২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।তবে প্রতিদ্বন্দ্বী আহমেদ শফিকের সমর্থকেরা ব্রাদারহুডের এ দাবি প্রত্যাখ্যান করেছেন। আহমেদ শফিকের সমর্থকেরা বলছেন, ‘ভোট গণনা শেষ হওয়ার আগেই ব্রাদারহুড ফলাফল কুক্ষিগত করার চেষ্টা করছে। তাদের এই আচরণে আমরা বিস্মিত।’এর আগে গত শনি ও রোববার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণ সম্পন্ন হয়। ২১ জুন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা।এদিকে মিসরের ক্ষমতাসীন সামরিক পরিষদ গতকাল আবারও প্রতিশ্রুতি দিয়েছে, ৩০ জুনের মধ্যে বিজয়ী প্রেসিডেন্টের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে।মিসরের নির্বাচন প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে ভোট গ্রহণ হয়েছে। তবে দেশটির সেনা পরিষদের নতুন করে ক্ষমতা বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে ইইউ বলেছে, গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়াকে সম্মান দেখানো উচিত।ইইউর ক্যাথেরিন অ্যাস্টন বলেন, ‘মিসরের গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচন একটি বিরাট পদক্ষেপ।’মুরসি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘তিনি মিসরের মুসলমান, খ্রিষ্টানসহ সব মানুষের জন্য একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করবেন।’ বিবিসি, এএফপি।