মুরসি-সমর্থক ক্রীড়াবিদের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনার পদক জেতার পর মোহাম্মদ ইউসুফের উদ্যাপন। তাঁর টি-শার্টে বিক্ষোভকারীদের হাতের তালুর ছবি ছাপানো। ছবি: আল আহরাম অনলাইন
সোনার পদক জেতার পর মোহাম্মদ ইউসুফের উদ্যাপন। তাঁর টি-শার্টে বিক্ষোভকারীদের হাতের তালুর ছবি ছাপানো। ছবি: আল আহরাম অনলাইন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সমর্থন করায় দেশটির এক কুংফু চ্যাম্পিয়নের সোনার পদক কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে খেলোয়াড়ের পরিবার। এই খেলোয়াড় যাতে দেশের প্রতিনিধি হয়ে কোনো খেলায় অংশ নিতে না পারেন, সে জন্য নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
বিবিসি জানায়, মোহাম্মদ ইউসুফ রাশিয়াতে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় অংশগ্রহণের সময়ে এমন প্রতীক-সংবলিত টি-শার্ট পরেন, যাতে বোঝা যায় তিনি মুরসির সমর্থনে চলা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছেন।
গত জুলাই মাসে মিসরের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করার পর মুরসি ও তাঁর দলের সদস্য-সমর্থকদের ওপরে ভীষণ দমন-নিপীড়ন চালাচ্ছে দেশটির সেনা-সমর্থিত সরকার।
ইউসুফের ভাই হাম্মাম বিবিসির কায়রো প্রতিনিধি ওরলা গুয়েরিনকে বলেন, প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই ইউসুফকে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং পৌঁছানোর পরই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মিসর কুংফু অ্যাসোসিয়েশনের কর্মকর্তা জামাল আল যাজ্জার বলেন, আচরণগত কারণে মোহাম্মদ ইউসুফকে রাশিয়া থেকে ফেরত আনা হয়েছে। আসছে কুংফু চ্যাম্পিয়নশিপেও এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
নিষেধাজ্ঞার স্থায়িত্বের ব্যাপারে পরিষ্কার বক্তব্য না থাকলেও, রাশিয়ায় জেতা সোনার পদকটি বাজেয়াপ্ত করা হয়েছে।
মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, পুরস্কার নেওয়ার সময় ইউসুফের টি-শার্টে খোলা চার আঙুলসহ হাতের তালুর ছবি ছাপানো ছিল।
এর আগে মুরসির সমর্থনে বিক্ষোভকারীরা কায়রোতে যেসব শিবির স্থাপন করেছিল, সেগুলোতে এ প্রতীকটি ব্যাপকভাবে ব্যবহূত হয়। দেশটির নিরাপত্তা বাহিনী এসব শিবির উচ্ছেদ করতে ব্যাপক বল প্রয়োগ করে, যাতে কয়েক শ মানুষ প্রাণ হারায়।