মুরসি-সমর্থকদের ওপর আবার গুলি, হত ৪২

মিসরের রাজধানী কায়রোতে মুরসির সমর্থকদের অবস্থান কর্মসূচিতে আজ সোমবার ভোরে গুলি চালিয়েছে সেনাবাহিনী। এ ঘটনায় এ পর্যন্ত ৪২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রয়টার্স, বিবিসির অনলাইন ও আল জাজিরার খবরে এ কথা জানানো হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবরে বলা হয়, মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির মুক্তির দাবিতে কায়রোর প্রেসিডেন্সিয়াল গার্ড ক্লাবের বাইরে অবস্থান কর্মসূচি পালন করছিল তাঁর সমর্থকেরা। ওই সামরিক স্থাপনায় মুরসিকে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হয়।
আজ স্থানীয় সময় ভোর চারটার দিকে যখন অবস্থানকারী ব্যক্তিদের ওপর সশস্ত্র হামলা চালায় সেনাসদস্যরা, ওই সময় অনেকে ফজরের নামাজ পড়ছিল।
মিসরের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের একটি অংশ প্রেসিডেন্সিয়াল ক্লাব ভবনের দেয়াল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এ সময় পুলিশ ও সেনাসদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র মোস্তফা এল-খতিব জানান, তিনি হাসপাতালে সাতটি মৃতদেহ দেখেছেন। তাদের বুকে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে।
মুসলিম ব্রাদারহুডের সাবেক সাংসদ মোহাম্মদ ইব্রাহিম এল-বেলতাগি এ ঘটনাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। আজকের হামলার ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সেনাবাহিনী দাবি করেছে, একদল সন্ত্রাসী ওই সামরিক স্থাপনায় হামলার চেষ্টা চালাচ্ছিল।
হাসপাতাল সূত্রগুলো বলছে, কমপক্ষে ৪২ জন নিহতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।