মুরসি-সমর্থকদের ওপর গুলি, নিহত ১২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্ত্রাস ও সংঘাত সৃষ্টিকারীদের’ কঠোর হাতে দমন করা হবে—মিসরের সেনাপ্রধানের এই হুমকির পর গতকাল শনিবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিক্ষোভরত কর্মী-সমর্থকদের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ব্যাপক গুলিবর্ষণে ১২০ জন নিহত ও প্রায় সাড়ে চার হাজার আহত হয়েছে বলে দাবি করেছে মুরসির দল মুসলিম ব্রাদারহুড।সেনাবাহিনী ৩ জুলাই নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে রাজপথে অবস্থান নিয়ে আছেন মুরসির সমর্থক ও তাঁদের বিরোধীরা। মুরসিবিরোধীরা সেনাবাহিনীর হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছে। গত প্রায় এক মাসে প্রতিদিনই ঘটেছে কমবেশি সংঘাতের ঘটনা। এতে এ পর্যন্ত ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। তবে গতকালের সহিংসতা ছিল সবচেয়ে ভয়াবহ।সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি ‘সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টিকারীদের’ প্রতিহত করতে দেশবাসীকে পথে নেমে আসার আহ্বান জানান গত বৃহস্পতিবার। দৃশ্যত এটা ছিল মুরসিপন্থীদের প্রতি একটা চ্যালেঞ্জ। মুরসিপন্থীরা তাদের নেতাকে ক্ষমতায় ফিরিয়ে আনার দাবিতে টানা বিক্ষোভ করে যাচ্ছে। তাদের ১০ হাজারের বেশি কর্মী-সমর্থক রাজধানীর নাসর সিটির রাব্বা আল-আদওয়া মসজিদ প্রাঙ্গণে অবস্থান নিয়েছে। গতকাল গোলাগুলি ও সহিংসতার ঘটনা ঘটেছে ওই মসজিদের কাছেই। খুব ভোরের দিকে মুরসিপন্থি বিক্ষোভকারীরা পাশের একটি রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেয় নিরাপত্তা বাহিনীর লোকজন। তখন সংঘাত বেধে যায় এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালায়।মুসলিম ব্রাদারহুডের একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, গুলিতে ১২০ জন নিহত এবং সাড়ে চার হাজার কর্মী-সমর্থক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিক জানান, ঘটনাস্থলের পাশের একটি হাসপাতালের মর্গে তিনি ৩৬টি মৃতদেহ গুনেছেন। সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, পাশের আরও দুটি হাসপাতালে ২১টি লাশ আছে।ব্রাদারহুডের মুখপাত্র জিহাদ আল-হাদ্দাদ বলেন, কাউকে জখম করার জন্য তাঁরা গুলি চালাননি, গুলি চালিয়েছেন হত্যা করার জন্য। সরাসরি মাথা ও বুক লক্ষ্য করে গুলি ছুড়েছেন।তবে মাত্র ২১ জন নিহত হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম বলেন, নিরাপত্তা বাহিনী গুলি চালায়নি। শুধু কাঁদানে গ্যাস ছুড়ছে। মন্ত্রী বলেন, বিক্ষোভকারীরা একটি রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে আশপাশের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ বাধে এবং এতেই হতাহতের ঘটনা ঘটে।গতকাল এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মুরসিপন্থী বিক্ষোভকারীদের শিগগির রাজধানী থেকে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব নাসর সিটি ও নাহদা এলাকা থেকে তাদের সরিয়ে দেওয়া হবে। আইনি পদক্ষেপের মাধ্যমে তা করা হবে, যাতে হতাহতের ঘটনা কম ঘটে।এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে কায়রোর একটি কারাগারে স্থানান্তর করা হতে পারে। ওই কারাগারেই আটক আছেন মুরসির পূর্বসূরি ক্ষমতাচ্যুত দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারক। এএফপি ও রয়টার্স।