মুরসি-সমর্থকদের ওপর গুলি, নিহত ১২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাদারহুডের স্থাপিত ফিল্ড হাসপাতালের কাছে বিক্ষোভের সময় নিহত এক স্বজনের জন্য শোকে বিহ্বল একটি পরিবার ষ ছবি: এএফপি
ব্রাদারহুডের স্থাপিত ফিল্ড হাসপাতালের কাছে বিক্ষোভের সময় নিহত এক স্বজনের জন্য শোকে বিহ্বল একটি পরিবার ষ ছবি: এএফপি

‘সন্ত্রাস ও সংঘাত সৃষ্টিকারীদের’ কঠোর হাতে দমন করা হবে—মিসরের সেনাপ্রধানের এই হুমকির পর গতকাল শনিবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিক্ষোভরত কর্মী-সমর্থকদের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ব্যাপক গুলিবর্ষণে ১২০ জন নিহত ও প্রায় সাড়ে চার হাজার আহত হয়েছে বলে দাবি করেছে মুরসির দল মুসলিম ব্রাদারহুড।

সেনাবাহিনী ৩ জুলাই নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে রাজপথে অবস্থান নিয়ে আছেন মুরসির সমর্থক ও তাঁদের বিরোধীরা। মুরসিবিরোধীরা সেনাবাহিনীর হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছে। গত প্রায় এক মাসে প্রতিদিনই ঘটেছে কমবেশি সংঘাতের ঘটনা। এতে এ পর্যন্ত ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। তবে গতকালের সহিংসতা ছিল সবচেয়ে ভয়াবহ।

সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি ‘সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টিকারীদের’ প্রতিহত করতে দেশবাসীকে পথে নেমে আসার আহ্বান জানান গত বৃহস্পতিবার। দৃশ্যত এটা ছিল মুরসিপন্থীদের প্রতি একটা চ্যালেঞ্জ। মুরসিপন্থীরা তাদের নেতাকে ক্ষমতায় ফিরিয়ে আনার দাবিতে টানা বিক্ষোভ করে যাচ্ছে। তাদের ১০ হাজারের বেশি কর্মী-সমর্থক রাজধানীর নাসর সিটির রাব্বা আল-আদওয়া মসজিদ প্রাঙ্গণে অবস্থান নিয়েছে। গতকাল গোলাগুলি ও সহিংসতার ঘটনা ঘটেছে ওই মসজিদের কাছেই। খুব ভোরের দিকে মুরসিপন্থি বিক্ষোভকারীরা পাশের একটি রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। এতে বাধা দেয় নিরাপত্তা বাহিনীর লোকজন। তখন সংঘাত বেধে যায় এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালায়।

মুসলিম ব্রাদারহুডের একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, গুলিতে ১২০ জন নিহত এবং সাড়ে চার হাজার কর্মী-সমর্থক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিক জানান, ঘটনাস্থলের পাশের একটি হাসপাতালের মর্গে তিনি ৩৬টি মৃতদেহ গুনেছেন। সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, পাশের আরও দুটি হাসপাতালে ২১টি লাশ আছে।

ব্রাদারহুডের মুখপাত্র জিহাদ আল-হাদ্দাদ বলেন, কাউকে জখম করার জন্য তাঁরা গুলি চালাননি, গুলি চালিয়েছেন হত্যা করার জন্য। সরাসরি মাথা ও বুক লক্ষ্য করে গুলি ছুড়েছেন।

তবে মাত্র ২১ জন নিহত হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম বলেন, নিরাপত্তা বাহিনী গুলি চালায়নি। শুধু কাঁদানে গ্যাস ছুড়ছে।

গত প্রায় এক মাসে প্রতিদিনই ঘটেছে কমবেশি সংঘাতের ঘটনা। গতকালের সহিংসতা ছিল সবচেয়ে ভয়াবহ
গত প্রায় এক মাসে প্রতিদিনই ঘটেছে কমবেশি সংঘাতের ঘটনা। গতকালের সহিংসতা ছিল সবচেয়ে ভয়াবহ

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে কায়রোর একটি কারাগারে স্থানান্তর করা হতে পারে। ৩ জুলাই ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই মুরসিকে আটক রাখা হয়েছে।

এলবারাদি ও আল-আজহার প্রধানের নিন্দা: মুরসির সমর্থকদের ওপর গুলির ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির অন্যতম বিরোধী মোহাম্মদ এলবারাদি এবং সুন্নি মুসলিমদের শীর্ষ সংগঠন আল-আজহার।

মুরসিকে সরিয়ে দিতে সেনাবাহিনীর হস্তক্ষেপকে সমর্থন জানিয়েছিলেন জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান এলবারাদি। গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘নিরাপত্তা বাহিনীর অতিরিক্তি শক্তি প্রয়োগ এবং হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানাই আমি। আর কায়রোভিক্তিক আল-আজহারের প্রধান আহমেদ আল-তায়েব গতালের সহিংসতার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করতে হবে। এএফপি ও রয়টার্স।