মুরসি সমর্থকদের বিক্ষোভে উত্তাল কায়রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে গতকাল মিসরজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে মুসলিম ব্রাদারহুড। ছবিটি কায়রো বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তোলা ষ এএফপি
মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে গতকাল মিসরজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে মুসলিম ব্রাদারহুড। ছবিটি কায়রো বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তোলা ষ এএফপি

মিসরে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকেরা গতকাল শুক্রবার রাজধানী কায়রোতে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছেন। তাঁরা সেনাবাহিনীর সদর দপ্তরের দিকে অগ্রসর হলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। এ সময় গুলিতে তিনজন বিক্ষোভকারী নিহত ও বহু লোক আহত হন। এদিকে সেনাবাহিনীর হস্তক্ষেপকে সমর্থনকারী মুরসি-বিরোধীরাও গতকাল রাজপথে ছিল।

মুরসির পদত্যাগের দাবিতে বিরোধীদের ব্যাপক বিক্ষোভের মুখে গত বুধবার তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। সেনারা একটি অজ্ঞাত স্থানে মুরসিকে আটক রেখেছে। নতুন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট করা হয়েছে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতি আদলি মানসুরকে। গত বৃহস্পতিবার তিনি শপথ নিয়ে শিগগির সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে সরিয়ে সংবিধান স্থগিত করা হলেও সেনাবাহিনী জানিয়েছে, কারও শান্তিপূর্ণ বিক্ষোভে তারা বাধা দেবে না, যতক্ষণ না তা দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।

মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদি গতকাল বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির ফিরে না আসা এবং তাঁকে পুনর্বহাল না করা পর্যন্ত তাঁদের বিক্ষোভ অব্যাহত থাকবে। লাখ লাখ জনতা রাজপথে অবস্থান করবে। গণমাধ্যমের খবরে এর আগে বলা হয়েছিল, মোহাম্মদ বাদিকে গ্রেপ্তার করা হয়েছে।

মুসলিম ব্রাদারহুড এবং তাদের রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ফ্রিডম পার্টির হাজার হাজার কর্মী-সমর্থক গতকাল জড়ো হন কায়রোর রাবা আল-আদাওয়িবা মসজিদসহ বিভিন্ন মসজিদের কাছে। গত বৃহস্পতিবার ব্রাদারহুডের পক্ষ থেকে শুক্রবার দিনটিকে ‘প্রত্যাখ্যান দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে সাবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়। ব্রাদারহুডের বক্তব্য, একজন নির্বাচিত প্রেসিডেন্টকে সেনাবাহিনী এভাবে ক্ষমতাচ্যুত করতে পারে না। সেনাবাহিনীর ওই পদক্ষেপকে তারা প্রত্যাখ্যান করছে।

বিক্ষোভকারীদের একজন বিবিসিকে বলেন, ‘সারা দেশ থেকে আমরা এখানে সমবেত হয়েছি, লক্ষ্য একটাই—গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে পুনর্বহাল করতে হবে।’ অনেকে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসির মৃত্যুদণ্ড দাবি করেন।

শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা রিপাবলিকান গার্ডের সদর দপ্তরের দিকে এগিয়ে যেতে থাকেন। বিক্ষোভকারীদের ধারণা, আটকের পর ওই ভবনেই মুরসিকে রাখা হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘রিপাবলিকান গার্ড বিশ্বাসঘাতক, মুরসিই আমাদের প্রেসিডেন্ট’। একপর্যায়ে দুই পক্ষে গোলাগুলি শুরু হয়। এতে তিনজন নিহত হন। ঘটনাস্থল থেকে বিবিসির এক সাংবাদিক জানান, সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। এদিকে গতকাল কায়রোর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনীর ট্যাংক ও সেনাসদস্য মোতায়েন করা হয়। কায়রোর আকাশে মহড়া দেয় সেনাবাহিনীর জঙ্গি বিমান।

এ ছাড়া গত বৃহস্পতিবার মুরসিবিরোধীদের সঙ্গে তাঁর সমর্থকদের সংঘর্ষের পর মুরসির নিজের শহর শারিকিয়া প্রদেশের জাগাজিগেও গতকাল সেনা মোতায়েন করা হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষে ৫০ জনের মতো আহত হন।

গতকাল মিসরের সদস্যপদ স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। সংস্থার শান্তি ও নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, এইউর নীতি অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গণতন্ত্র ও সংবিধান পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত মিসরের সদস্যপদ স্থগিত থাকবে।

মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সেনাবাহিনীর পদক্ষেপকে সমর্থন করেছেন দেশটির অন্যতম বিরোধী নেতা মোহাম্মদ আল-বারাদি। তিনি বলেছেন, নির্বাচিত প্রেসিডেন্টকে সেনাবাহিনীর এভাবে সরিয়ে দেওয়ার ঘটনা কষ্টদায়ক। তবে এর মাধ্যমে গৃহযুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। তা ছাড়া মুরসি নিজেই তাঁর ক্ষমতার বৈধতাকে খাটো করে ফেলেছিলেন। এএফপি, রয়টার্স, বিবিসি।