মুরসি-সমর্থকদের সরাতে সেনা অভিযান, নিহত ৫১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কায়রোতে মুরসিপন্থীদের বিক্ষোভ
কায়রোতে মুরসিপন্থীদের বিক্ষোভ

মিসরের রাজধানী কায়রোর নাসার সিটি এলাকায় গত সোমবার ভোররাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ৫১ জন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকেরা বলছেন, ওই এলাকা থেকে তাঁদের হটিয়ে দিতে সেনাবাহিনী অভিযান চালায়। এ ঘটনাকে গণহত্যা অভিহিত করে সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে মুসলিম ব্রাদারহুড। তবে সেনাবাহিনী বলছে, তাদের একটি ব্যারাকে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর তারা গুলি চালাতে বাধ্য হয়। দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান মোহাম্মদ সুলতান গতকাল সরকারি বার্তা সংস্থা মিনাকে জানান, গুলির ঘটনায় অন্তত ৫১ জন নিহত ও ৪৩৫ জন আহত হয়েছেন।কয়েক দিনের বিক্ষোভের মুখে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে গত বুধবার ক্ষমতা থেকে সরিয়ে দেয় মিসরের সেনাবাহিনী। তাঁকে আটক করে নাসার সিটির প্রেসিডেনশিয়াল গার্ড ক্লাবে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁর মুক্তি এবং প্রেসিডেন্ট পদে পুনর্বহালের দাবিতে নাসার সিটির রাবা আদাবিয়া মসজিদ প্রাঙ্গণে কয়েক দিন ধরে অবস্থান করছেন তাঁর সমর্থকেরা।মুরসির দল মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র জিহাদ আল-হাদ্দাদ জানান, সোমবার ভোর চারটার দিকে তাঁদের কর্মী-সমর্থকেরা ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় আকস্মিকভাবে তাঁদের ওপর হামলা চালান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।হামলার শিকার মুরসি-সমর্থক মোহাম্মদ হাসান বলেন, ‘আমরা ভোরে নামাজ পড়ছিলাম। তখন শুনলাম, সাহায্য চেয়ে ডাকাডাকি করছেন আমাদের সুরক্ষা ইউনিটের লোকজন। আমরা দেখলাম, এক হাজারের মতো সেনা আমাদের ঘিরে আছে এবং গুলি করছে। রাস্তার উল্টো দিকে আছে দাঙ্গা পুলিশ এবং তারা কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে। তাদের বন্দুকগুলো আমাদের মাথা ও বুকের দিকে তাক করা। আমি ১০ জনকে শহীদ হতে দেখেছি।’তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভোররাতে সন্ত্রাসীরা রিপাবলিকান গার্ডের একটি সেনাছাউনিতে হামলা চালিয়ে এক সেনা কর্মকর্তাকে হত্যা করে। আহত হয় আরও ৪০ সেনাসদস্য। দুর্বৃত্তরা সেনাসদস্যদের লক্ষ্য করে ককটেল ও পাথর নিক্ষেপ করতে থাকে। তখন বাধ্য হয়ে তারাও গুলি চালায়। যুুক্তরাষ্ট্র মিসরীয় সেনাবাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।সেনাবাহিনীর আহত এক সদস্যের বক্তব্য প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। মোহাম্মদ ইব্রাহিম নামের ওই সেনাসদস্য জানান, জনগণের নিরাপত্তা বিধানের জন্যই তাঁরা সেখানে ছিলেন। তিনি বলেন, ‘দুর্বৃত্তরা আমাদের দিকে ককটেল ও ইট ছুড়তে থাকে। এতে আমার সহকর্মীরা আহত হন, যার প্রমাণ এই হাসপাতালে দেখা যাচ্ছে।’এদিকে, ভোররাতের ওই ঘটনার পর গতকাল মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ওই ঘটনাকে গণহত্যা হিসেবে অভিহিত করা হয়। সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সংবাদ সম্মেলন থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। ব্রাদারহুডের রাজনৈতিক শাখা জাস্টিস অ্যান্ড ফ্রিডম পার্টিও হত্যাকাণ্ডের প্রতিবাদে মিসরীয়দের আন্দোলনে নামার ডাক দিয়েছে।সেনাবাহিনীর ওই অভিযানের পর অবস্থান পরিবর্তন করেছে কট্টর ইসলামপন্থী রাজনৈতিক দল আল নূর। মুরসিকে অপসারণে সেনাবাহিনীর হস্তক্ষেপকে সমর্থন করেছিল মিসরের দ্বিতীয় বৃহত্তম দলটি। তারাও ভোররাতের ওই অভিযানকে গণহত্যা হিসেবে অভিহিত করে বলেছে, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে চলমান আলোচনায় তারা আর যাবে না।অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আদলি মানসুর ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।এদিকে, কায়রোতে মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ফ্রিডম পার্টির কেন্দ্রীয় কার্যালয় গতকাল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই কার্যালয় থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।মুরসিবিরোধীরাও রাজপথে তাদের কর্মসূচি ও অবস্থান অব্যাহত রেখেছে। ঐতিহাসিক তাহরির স্কয়ার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তারা সেখানে বিক্ষোভ করছে। গত বুধবার সেনাবাহিনী মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর থেকে মুখোমুখি অবস্থানে মুরসি-সমর্থক ও বিরোধীরা। দুই পক্ষের সহিংসতায় গত কয়েক দিনে নিহত হয়েছেন অর্ধশতাধিক। রয়টার্স, এএফপি, বিবিসি।