মুরসিকে আদালতে নেওয়া যায়নি শুনানি মুলতবি
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আদালতে হাজির হতে না পারায় গতকাল বুধবার তাঁর বিচারের শুনানি স্থগিত করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে মুরসিকে নিয়ে হেলিকপ্টার কায়রো পৌঁছাতে পারেনি। অভিযুক্ত অন্যদের হেলিকপ্টারে করে পুলিশ কম্পাউন্ডে নিয়ে আসা হয়। কর্মকর্তারা জানান, মুরসি আলেক্সান্দ্রিয়ায় আছেন।
গত বছর প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভকারীদের হত্যায় উসকানি দেওয়ার অভিযোগে মুরসিসহ তাঁর দল মুসলিম ব্রাদারহুডের ১৫ নেতার বিচার করা হচ্ছে। গত জুলাইয়ে প্রবল বিক্ষোভের মধ্যে মুরসিকে সরিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। কিন্তু এর পর থেকে তাঁকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করে যাচ্ছেন তাঁর সমর্থকেরা। বিচারের শুনানির জন্য অভিযুক্ত কয়েকজনকে গতকাল খুব সকালে হেলিকপ্টারে করে কায়রোর ন্যাশনাল পুলিশ কম্পাউন্ডে আনা হয়। মুরসিকেও সেখানে আনা হয় বলে প্রথমে জানিয়েছিল রাষ্ট্রীয় গণমাধ্যম। পরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানায়, খারাপ আবহাওয়ার কারণে তাঁকে আনা যায়নি।
এরপর আদালতের কার্যক্রম শুরুও হয়েছিল। কিন্তু খারাপ আবহাওয়ায় মুরসিকে নিয়ে আসতে না পারার কারণ জানিয়ে বিচারক শুনানি আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেন। বিবিসি।