মুরসিকে উৎখাতের পক্ষে-বিপক্ষের ভোট হিসেবে দেখা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোর চারপাশে ঘুরলে এখন একটি বার্তা খুব শিগগির স্পষ্ট হয়ে যাবে। দেশটির সেনাসমর্থিত বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন সংবিধানের ওপর গণভোটে ব্যাপক ভিত্তিতে ‘হ্যাঁ’ ভোট চায়। আজ মঙ্গলবার ও কাল বুধবার বহুল আলোচিত ওই গণভোট অনুষ্ঠিত হবে।
সাদা রঙের টিক চিহ্নসংবলিত পোস্টারে পোস্টারে কায়রোর সড়কবাতি, বিলবোর্ড ও ভবনগুলো ছেয়ে গেছে। রাস্তা দিয়ে চলাচল করলে সেগুলো থেকে চোখ এড়িয়ে চলার কোনো উপায় নেই। ‘না’ ভোটের পক্ষে পোস্টার চোখে পড়বেই না প্রায়। কোথাও কোথাও দু-একটি ‘না’ ভোটের পক্ষে পোস্টার লাগানো হয়েছে। তবে এ রকম পোস্টার কেউ লাগানোর চেষ্টা করলে তাকে আটক করা হচ্ছে। টেলিভিশন ও বেতারে নতুন সংবিধানের বিরোধী কোনো বক্তব্য তেমন শোনা যাচ্ছে না বললেই চলে। সরকারি ও বেসরকারি চ্যানেল-কেন্দ্রে একই অবস্থা। তবে সংবিধানের পক্ষে অনবরত সম্প্রচার করা হচ্ছে অনুষ্ঠানমালা।
এই পক্ষপাতমূলক প্রচারাভিযান সমালোচনাও কুড়াচ্ছে কম নয়। বিশেষ করে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান এর বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল একে ‘কলঙ্কিত ও অগণতান্ত্রিক প্রক্রিয়া’ হিসেবে আখ্যায়িত করেছে।
গণতান্ত্রিক হোক বা না হোক, মিসরের গণভোটকে নতুন সংবিধানের ওপরে ভোটের চেয়েও বেশি কিছু হিসেবে দেখছেন অনেকেই। এটাকে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পক্ষে-বিপক্ষে মত দেওয়ার সুযোগ হিসেবেই দেখা হচ্ছে বেশি। গত বছরের জুলাই মাসে মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর এই প্রথম দেশটির জনগণ কোনো ভোটাভুটিতে অংশ নিচ্ছে। সামরিক বাহিনী এই গণভোটের মাধ্যমে তাদের পদক্ষেপের পক্ষে শক্ত রায় চায়।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সহযোগী ফেলো এইচ এ হেলার বলেন, ‘অন্তর্বর্তী সরকার সুনিশ্চিতভাবেই এই গণভোটকে এমন একটি বিষয় হিসেবে অনুধাবন ও উপস্থাপন করতে যাচ্ছে, যা মুরসির ক্ষমতাচ্যুতির বিষয়টিকে বৈধ করে। মিসরের বাইরে এটা সেভাবে উপলব্ধি করা হোক বা না হোক, অথবা দেশে প্রধান বিরোধীরা যা-ই মনে করুক, সরকার বিষয়টিকে এভাবেই দেখতে চাইছে।’
আগের সংবিধানটি প্রণয়নে মিসরের ইসলামপন্থীরাই প্রধান ভূমিকা রেখেছিলেন। মুরসিকে উৎখাতের পর সেটি স্থগিত করা হয়। নতুন সংবিধানের খসড়া তৈরির ক্ষেত্রে ইসলামপন্থীদের প্রায় সম্পূর্ণরূপেই বাইরে রাখা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, জনগণকে অধিকার ও স্বাধীনতা প্রদান প্রশ্নে নতুন সংবিধান একটি বিরাট অগ্রগতি। এ ছাড়া এটা দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তবে নতুন সংবিধানে দেশের সামরিক বাহিনীকে অঢেল ক্ষমতা দেওয়া হয়েছে। বিবিসি।