মুরসিকে কটাক্ষ করায় মিসরে উপস্থাপকের দণ্ড
মিসরে তৌফিক ওকাশা নামের এক টক শো উপস্থাপককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে অবমাননা করায় দক্ষিণ মিসরের একটি আদালত তাঁকে এই দণ্ড দেন। রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে গত সোমবার এ কথা বলা হয়।আদালতের একটি সূত্র জানায়, ১০০ মিসরীয় পাউন্ড জরিমানা দিয়ে জামিন নিয়ে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন তৌফিক। তৌফিকের মালিকানাধীন চ্যানেলে টক শোটি দেখানো হতো। তিনি নিজেই অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন। তিনি টক শোতে মন্তব্য করেছিলেন, মুরসি ও তাঁর দলের ‘মৃত্যুদণ্ড প্রাপ্য’।মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের দীর্ঘ শাসনামলে তৌফিকের সঙ্গে মুবারকের নিরাপত্তা কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মুবারক গত বছর আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন।তৌফিকের টেলিভিশন চ্যানেল বন্ধ করার আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু গত শনিবার আদালতের এক রায়ে আবার অনুষ্ঠান প্রচারের অনুমতি পেয়েছে ওই টেলিভিশন। রয়টার্স।