মুরসিকে বলা হয়েছিল সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট পদে থাকার সময় তাঁকে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছিল মিসরের সশস্ত্র বাহিনী। দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল-ফাত্তাহ আল-সিসি এক সাক্ষাৎকারে স্থানীয় পত্রিকা আল-মাসরি আল-ইউমকে এ কথা জানিয়ে বলেন, প্রেসিডেন্ট মুরসির প্রতি সেনাবাহিনীর সমর্থন ছিল।
ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড-সমর্থিত মুরসি প্রেসিডেন্ট থাকার সময় সেনাবাহিনীর সমর্থন পাননি বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগ প্রত্যাখ্যান করে জেনারেল সিসি বলেন, সিদ্ধান্ত গ্রহণে সবাইকে অন্তর্ভুক্ত করার জন্য মুরসিকে বারবার বলা হয়েছিল।
মুরসির শাসনামলেও জেনারেল সিসিকে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছিল। অনেকে মনে করলেও এটা কোনো ষড়যন্ত্রের অংশ ছিল না বলে দাবি করেন সিসি। তিনি বলেন, সেনাবাহিনী কোনো ষড়যন্ত্র বা নেতৃত্বের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে না।
গত বছরের ৬ অক্টোবর আরব-ইসরায়েল যুদ্ধের বর্ষপূর্তির অনুষ্ঠানের পর সেনাবাহিনী মুরসির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বলে যে কথা প্রচলিত আছে, তা নাকচ করে দেন সিসি।
আরব-ইসরায়েল যুদ্ধের বর্ষপূর্তির ওই অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট আনওয়ার আল-সাদাতের হত্যাকারী ইসলামপন্থী নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। বিষয়টি যে নেতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পারে, তা সাবেক প্রেসিডেন্ট দৃশ্যত বুঝতে পারেননি।
জেনারেল সিসি বলেন, ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে মিসরের সেনাবাহিনীর আদর্শিক ব্যবধান রয়েছে সেই ১৯৫২ সাল থেকে। তখন প্রেসিডেন্ট ছিলেন গামাল আবদুল নাসের। সেনাবাহিনী মিসর রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ, কিন্তু ব্রাদারহুডের দায়বদ্ধতা রয়েছে ইসলামি উম্মাহর প্রতি, যা কোনো দেশের সীমারেখায় আবদ্ধ নয়। সিসি বলেন, বীর যোদ্ধাদের বাদ দিয়ে সাদাতের খুনিদের ৬ অক্টোবরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর মতো ‘দায়িত্বহীন পদক্ষেপের’ পরও সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেনি সেনাবাহিনী। কিন্তু ব্যাপারটি ছিল রাষ্ট্র ও দেশবাসীর প্রতি অবমাননাকর। তাই এ ব্যাপারে সেনাবাহিনীর অভিযোগ প্রেসিডেন্ট মুরসির কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। আল-আহরাম।