মুরসিপন্থী ১২ জনকে ১৭ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ১২ সমর্থকের প্রত্যেককে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সহিংস ছাত্রবিক্ষোভে অংশ নেওয়ার দায়ে গত বুধবার তাঁদের এই কারাদণ্ড দেওয়া হয়।
মিসরের সরকারি বার্তা সংস্থা মেনা জানায়, গত অক্টোবরে বিক্ষোভ চলাকালে ইসলামি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়ে হামলার দায়ে এই ১২ জনকে অভিযুক্ত করা হয়। মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সবাই ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার পর ওই ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। মুরসিকে ৩ জুলাই সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে। এতে সেনাবাহিনীকে সমর্থন দিয়েছিল ওই বিশ্ববিদ্যালয়। মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সহস্রাধিক মানুষ নিহত হন। তাঁদের অধিকাংশই মুরসির সমর্থক।
রুশ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী মিসরে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতকাল মিসর সফরে গেছেন। তাঁরা রুশ অস্ত্র বিক্রিসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে মিসরের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এএফপি।