মুরসিপন্থী ২১ নারী কর্মীকে ১১ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিপন্থী ২১ জন নারী সমর্থককে ১১ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন কায়রোর একটি আদালত। গত মাসে আলেক্সান্দ্রিয়ায় সরকারবিরোধী এক বিক্ষোভে শক্তি প্রয়োগ, ক্ষতিসাধন, গাড়ি চলাচলে বাধা ও একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রাখাসহ নানা অভিযোগ এনে তাদের এই সাজা দেওয়া হলো।
কায়রোয় সাজাপ্রাপ্ত নারী কর্মীদের মধ্যে সাতজনেরই বয়স ১৮ বছরের নিচে। তাই তাদের কিশোর আদালতে পাঠানো হবে। মানবাধিকার কর্মীরা এই রায়ের তীব্র সমালোচনা করেছেন। একজন কর্মী এ রায়কে ‘পাগলামি’ বলে অভিহিত করে।
সাজাপ্রাপ্ত নারীদের স্বজনেরা জানান, বিক্ষোভটি ছিল শান্তিপূর্ণ। তার পরও তাদের আটক করে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে নিরপরাধ নারীও রয়েছে। একজনের পরিবার বলেছে, ঘটনার সময় তাঁদের ১৫ বছরের মেয়ে স্কুলে যাচ্ছিল। তাঁর আইনজীবী বলেন, তিনি ধারণা করেছিলেন, মেয়েটিকে হয়তো এক মাসের সাজা দেওয়া হবে।
একই আদালত মুসলিম ব্রাদারহুডের ছয়জন নেতাকেও ১৫ বছরের সাজা দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা সরকারবিরোধী বিক্ষোভে উসকানি দিয়েছেন।
এদিকে কায়রোয় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন আভনি বতসালি গত বুধবার দেশে ফিরে গেছেন। তিনি ইস্তাম্বুল বিমানবন্দরে নেমে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই বেরিয়ে যান। মুরসির প্রতি আঙ্কারার সমর্থনকে কেন্দ্র করে তুর্কি দূতকে বহিষ্কার করেছে কায়রো।
গত জুলাইয়ে সেনাবাহিনী মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে। বিবিসি ও এএফপি।