মুরসিপন্থীদের আদালত ঘেরাও, নির্ধারিত শুনানি বিলম্বিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সর্বোচ্চ আদালত ঘেরাও করে গতকাল রোববার বিক্ষোভ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির হাজারো সমর্থক। এর ফলে বিচারকেরা দেশের সাংবিধানিক প্যানেলের বিষয়ে নির্ধারিত শুনানি বিলম্বিত করতে বাধ্য হন। এদিকে, দেশটির পার্লামেন্টে পাস হওয়া খসড়া সংবিধানের ওপর ১৫ ডিসেম্বর গণভোটের ডাক দিয়েছেন মুরসি। বিতর্কিত নতুন সংবিধানের খসড়া প্রণয়নকারী প্যানেলের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে এমন যেকোনো ধরনের রায় ঘোষণা ঠেকাতে মুরসির সমর্থকেরা আদালত প্রাঙ্গণ ঘিরে রাখেন। এর ফলে সাংবিধানিক আদালতের রায় ঘোষণা বিলম্বিত হয়। আদালতের নতুন অধিবেশন কখন শুরু হবে, সে বিষয়ে বিচার বিভাগের কর্মকর্তারা বা রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে কিছুই বলা হয়নি।একজন বিক্ষোভকারী এএফপিকে বলেন, ইসলামপন্থীরা কম্বল জড়িয়ে ও মুরসির পোস্টার নিয়ে আদালতে বিচারকদের প্রবেশ ঠেকাতে আদালত ভবনের বাইরে রাত কাটান। আদালতের বিচারকেরা মুরসির ডিক্রি উপেক্ষা করে সংবিধান প্রণয়নকারী গণপরিষদের বৈধতা প্রশ্নে রায় দেবেন বলে ধারণা করা হচ্ছে।বিরোধীরা অভিযোগ করেছেন, ডিক্রি জারির মাধ্যমে প্রেসিডেন্ট মুরসি যে ক্ষমতা হাতে নিয়েছেন, তা আইনের আওতাবহির্ভূত।গত ২২ নভেম্বর মুরসির ডিক্রি জারির পর সহিংস বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয় এবং ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসির সঙ্গে বিচার বিভাগের বিরোধ তৈরি হয়। মিসরের বিচার বিভাগের একজন কর্মকর্তা জানান, মুরসির সমর্থকদের বিক্ষোভের কারণে সর্বোচ্চ সাংবিধানিক আদালত অধিবেশন শুরুই করতে পারেননি।আদালত এসব বিষয়ে কোনো রুল জারি করলে তা প্রেসিডেন্ট মুরসির সঙ্গে আদালতের দ্বন্দ্বকে উসকে দেবে বলেই মনে করা হচ্ছে। কেননা, গত শুক্রবার পার্লামেন্টে খসড়া সংবিধান গৃহীত হওয়ার আগে মুরসি এক ডিক্রি জারির মাধ্যমে তাঁর ক্ষমতা সুসংহত করেন। ওই ডিক্রির কারণে বিচার বিভাগ তাঁকে চ্যালেঞ্জ করতে পারবেন না।মুরসি আশা করছেন, মিসরে যে রাজনৈতিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, ১৫ ডিসেম্বর গণভোটের মাধ্যমে তার সমাপ্তি ঘটবে। গত শুক্রবার নতুন সংবিধানের খসড়া চূড়ান্ত করা হয়। অনুমোদনের জন্য এটি প্রেসিডেন্টের কাছে পাঠানোর পর গণভোটের তারিখ ঘোষণা করা হলো। এএফপি ও রয়টার্স।