মুরসিপন্থীদের ফের রাজপথ ছাড়ার আহ্বান সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের রাজপথে সহিংসতা ছেড়ে ‘রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার’ আহ্বান জানিয়েছে। এ জন্য বিক্ষোভের স্থানগুলো থেকে তাদের নিরাপদে সরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।এদিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি মিসরে গণতন্ত্র নয়, বরং শরিয়াহ আইন বাস্তবায়নের জন্য লড়াই করতে মুসলিম ব্রাদারহুডের প্রতি আহ্বান জানিয়েছেন।সেনা হস্তক্ষেপে গত ৩ জুলাই ক্ষমতাচ্যুত হন ইসলামপন্থী নেতা মোহাম্মদ মুরসি। এর পর থেকেই ব্রাদারহুড তাঁর সমর্থনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। গত শুক্রবার ব্রাদারহুড রাজধানী কায়রো ও আশপাশের এলাকায় ব্যাপক বিক্ষোভ করে এবং মুরসিকে প্রেসিডেন্ট পদে আবার বহাল না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।এর আগে ‘রাষ্ট্রীয় নিরাপত্তার’ কথা বলে মুরসিপন্থীদের রাজপথ থেকে সরিয়ে দিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিল মন্ত্রিসভা। তবে পুলিশের হুঁশিয়ারি সত্ত্বেও রাজপথে অনড় অবস্থানে রয়েছে ব্রাদারহুড। তাই গতকাল শনিবার আবারও তাদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হানি আবদেল লতিফ বিক্ষোভকারীদের উদ্দেশে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘রাজপথে আপনাদের এই অবস্থান রাজনৈতিক বা আইনি কোনো কাজে আসবে না। নিরাপদ প্রস্থানের পথ খোলা রয়েছে। এখন আপনারা রাজনৈতিকভাবে সংহত হতে পারেন।’নিরাপত্তা বাহিনী মুরসির সমর্থকদের দুটি মূল বিক্ষোভ শিবির ঘিরে রেখেছে। তবে তাদের ওপর শক্তি প্রয়োগ করছে না।এদিকে আত্মগোপনে থাকা আল-কায়েদা নেতা জাওয়াহিরি গতকাল ১৫ মিনিটের একটি বার্তায় বলেন, ‘ক্রুসেডার, মার্কিনপন্থী সেনাবাহিনী ও সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের সমর্থকেরা উপসাগরীয় দেশগুলোর অর্থ এবং মার্কিন পরিকল্পনায় মুরসিকে ক্ষমতাচ্যুত করেছে।’ মুরসির সমর্থক ও ব্রাদারহুডের উদ্দেশে জাওয়াহিরি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নয়, শরিয়াহ আইন বাস্তবায়নের জন্য লড়াই চালিয়ে যান।মিসরে সেনাবাহিনী গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করছে—মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এমন বক্তব্যের এক দিন পরই জাওয়াহিরি ইসলামপন্থী একটি ওয়েবসাইটে ওই বার্তা দিলেন।কূটনৈতিক তৎপরতা চলছে: মিসরের চলমান সংকট সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন, জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেলে ও ইইউর মধ্যপ্রাচ্যবিষয়ক দূত বার্নার্ডিনো লিওনের পর মার্কিন কূটনীতিক উইলিয়াম বার্নস মিসরের বর্তমান সেনা-সমর্থিত সরকারের সঙ্গে দেখা করেছেন।মার্কিন দূত বার্নস গতকাল মিসরের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমির সঙ্গে বৈঠক করেছেন। কূটনৈতিক তৎপরতায় জড়িত সবাই সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।কেরির উল্টো সুর?: মিসরে সেনাবাহিনী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে—মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এই বক্তব্যের পর মিসরে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ হয়েছে। ওই বক্তব্যের এক দিন পর গতকাল লন্ডনে কেরি দৃশ্যত ওই বক্তব্য থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘মিসরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা জরুরি।’আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে আলোচনার পর কেরি বলেন, ‘আমরা মিসরে একটি শান্তিপূর্ণ সমাধান বের করতে কঠোর পরিশ্রম করব। সব পক্ষকে কাছাকাছি এনে গণতন্ত্র প্রতিষ্ঠা করা ও সবার অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে।’ এএফপি ও রয়টার্স।