মুরসিপন্থীদের রাজপথ ছাড়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও আজ শুক্রবার ‘লাখো মানুষের সমাবেশ’ করার প্রস্তুতি নিয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুড। ফলে দেশটিতে আবারও বড় ধরনের সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার রাজপথ ছেড়ে যেতে মুরসিপন্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।গত ৩ জুলাই সামরিক হস্তক্ষেপে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর থেকেই ব্রাদারহুড রাজপথে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। গত বুধবার অন্তর্বর্তী মন্ত্রিসভা এক বিবৃতিতে রাজধানী কায়রোর দুটি চত্বরে মুরসিপন্থীদের অব্যাহত বিক্ষোভকে ‘জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি’ আখ্যা দিয়ে তাদের সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেয়। এ জন্য ‘আইনের আওতায় থেকে যা প্রয়োজন’ তাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। কিন্তু মুরসিপন্থীরা রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে আজ শুক্রবার ‘লাখো মানুষের সমাবেশ’ করার ঘোষণা দেয়। এদিকে আরও রক্তপাত এড়ানোর লক্ষ্যে কাজ করতে মিসরে পৌঁছেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেল ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যপ্রাচ্যবিষয়ক দূত বার্নার্ডিনো লিওন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মুরসিপন্থীদের রাজপথ থেকে ‘নিরাপদে সরে যাওয়ার পথ’ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, জাতীয় স্বার্থে রাব্বা আল আদাবিয়া ও নাদা স্কয়ার থেকে সবাইকে দ্রুত চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এই আহ্বানে সাড়া দিলে সবাইকে নিরাপদে চলে যাওয়ার নিশ্চয়তা দেওয়া হবে।ব্রাদারহুড রাজপথ না ছেড়ে গণমাধ্যমের মনোযোগ টানার কৌশল নিয়েছে। হতাহতের সংখ্যা যত বাড়বে, সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকারের ওপর বিভিন্নমুখী চাপও তত বাড়বে বলে মনে করছে ব্রাদারহুড। মুরসিপন্থী একটি জোট রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে বলেছে, শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার সবার আছে।যুক্তরাষ্ট্র জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিসরের অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট এল বারাদির কাছে ফোন করে রক্তপাত বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও মুরসিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুরসিপন্থীদের সরে যেতে অন্তর্বর্তী সরকারের নির্দেশকে ‘রক্তপাতের নতুন ছক’ বলে আখ্যা দিয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেল ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যপ্রাচ্যবিষয়ক দূত বার্নার্ডিনো লিওন রক্তপাত এড়াতে ধৈর্য ধরার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। রয়টার্স ও এএফপি।