
মিসরের নিরাপত্তা বাহিনী গতকাল বুধবার ব্যাপক রক্তক্ষয়ী অভিযানের মাধ্যমে রাজধানী কায়রোর দুটি অবস্থান থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সরিয়ে দিয়েছে। কয়েক ঘণ্টার ওই অভিযানে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে মুরসিপন্থীরা দাবি করেছে। তবে সরকার নিহতের সংখ্যা ২৭৮ জন বলে স্বীকার করেছে।খুব সকালে কায়রোর ওই অভিযানের পর রাজধানীর বাইরেও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। অন্যান্য শহরেও হতাহতের ঘটনা ঘটে। শুধু মিনা প্রদেশেই নিহত হন ৪১ জন। আর উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রিয়াতে নিহত হন ১০ জন। এসব হত্যাকাণ্ডের দায়দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এল বারাদি।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে জরুরি অবস্থা করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটা থেকে কারফিউ জারি করা হয়েছে রাজধানী কায়রো এবং ১৩টি প্রদেশে। আজ সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল। এদিকে মুরসির দল মুসলিম ব্রাদারহুডের কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩ জুলাই মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। এর পর থেকে তাঁকে পুনর্বহালের দাবিতে কায়রোর রাব্বা আল-আদাবিয়া মসজিদের পাশে এবং কায়রোর কেন্দ্রস্থলে আল-নাহদা স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিলেন ব্রাদারহুডের কর্মী-সমর্থকেরা। তাঁদের হটাতে এর আগে গত ২৭ জুলাই রাব্বা আল-আদাবিয়া মসজিদের পাশে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ৮০ জন নিহত হয়। এর পরও তাদের সরকার সেখান থেকে তাদের সরাতে পারেনি।
গতকাল খুব সকালে রাব্বা আল-আদাবিয়া ও নাহদা স্কয়ার ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রথমে তাঁরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। তখন ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে রুখে দাঁড়ায় মুখে গ্যাস মাস্ক পরা বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেল দ্রুত তুলে নিয়ে উল্টো তাদের দিকে ছোড়ে। এর পরই দুই পক্ষে শুরু হয় তুমুল গোলাগুলি।
একপর্যায়ে নাহদা স্কয়ার থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। সেখানকার অস্থায়ী তাঁবুগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে রাজধানীর অন্যান্য অংশেও। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।
অভিযানের সময় স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও চিত্রে দেখা যায়, নিহত ও আহত ব্যক্তিদের অস্থায়ী চিকিৎসা শিবিরে নেওয়া হচ্ছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অস্থায়ী শিবির। সাংবাদিকদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, রাব্বা আল-আদাবিয়া ও আল-নাহদা স্কয়ার এখন পুরোপুরি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অনেক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
সরকারি বাহিনীর এই অভিযানকে গণহত্যা বলে অভিহিত করে ব্রাদারহুড দাবি করেছে, এতে দুই হাজার মানুষ নিহত ও পাঁচ হাজারের বেশি আহত হয়েছে। এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানায় দলটি।
ব্রাদারহুডের মুখপাত্র জিহাদ আল-হাদ্দাদ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় বলেন, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে নয়, এই অভিযান চালানো হয়েছে ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর বিরুদ্ধে সব আন্দোলন নিস্তব্ধ করে দিতে।
কায়রোতে অভিযানে ব্রাদারহুডের অন্যতম নেতা মোহাম্মদ আল-বেলতাগির ১৭ বছর বয়সী মেয়ে আসমা আল-বেলতাগিও নিহত হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। অভিযানের পর বেলতাগি ও ব্রাদারহুডের আরেক নেতা এসাম আল-এরিয়ানকে আটক করে নিরাপত্তা বাহিনী।
যুক্তরাজ্যের স্কাই নিউজ টেলিভিশন চ্যানেল জানায়, কায়রোতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন তাদের বর্ষীয়ান ক্যামেরাম্যান মিক ড্যানি।
মুরসিপন্থীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে দিতে মিসরের সেনা-সমর্থিত সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বানের কয়েক ঘণ্টা পরই গতকাল সকালে কায়রোতে ওই অভিযান চালায় সরকারি বাহিনী। অভিযানে ব্যাপক প্রাণহানির পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মিসরে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সংঘাত পরিহারের জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটনের এক মুখপাত্র বলেন, ‘অভিযানে হতাহতের যে খবর পাওয়া গেছে, তা উদ্বেগজনক। সহিংসতার মাধ্যমে কোনো সমাধান আসবে না।’
মিসরে সংঘাত বন্ধে জাতিসংঘ এবং সদস্য দেশগুলোর সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফেবিয়াস।
পদত্যাগের ঘোষণা এলবারদির: অভিযানে হতাহতের দায়-দায়িত্ব নিতে অস্বীস্কৃতি জানিয়ে ভাইস প্রেসিডেন্ট এলবারাদি গতকাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাবেক এই প্রধান অর্ন্তবর্তী প্রেসিডেন্টের কাছে ইতিমধ্যে পদত্যাগের চিঠি পাঠিয়েছে। তিনি বলেন, ‘যে সিদ্ধান্তের (অভিযান) সঙ্গে আমি একমত নই, সে কাজের দায় নিয়ে দায়িত্ব পালন করে যাওয়া আমার জন্য কঠিন।প্রাণহানির ঘটনায় আমি অনুশোচনায় ভুগছি।’