মুরসিবিরোধী বিক্ষোভে স্থবির মিসর

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে কাল মঙ্গলবারের মধ্যে পদত্যাগ করে নতুন করে নির্বাচন দিতে সময় বেঁধে দিয়েছে বিক্ষোভকারীরা।বিক্ষোভ চলাকালে বিভিন্ন ঘটনায় আজ সোমবার পাঁচজন নিহত হয়েছে।আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। বিবিসির এক খবরে জানানো হয়, এক বিবৃবিতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মুরসিকে কালকের মধ্যে পদত্যাগ করতে সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছে।দাবি না মানলে তাঁকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।দাবির সমর্থনে বিক্ষোভকারীরা দুই কোটি ২০ লাখ স্বাক্ষর সংগ্রহ করেছে। এদিকে মোহাম্মদ মুরসির পদত্যাগের দাবিতে লাখো মানুষের মিছিলে আজ সোমবার কার্যত স্থবির হয়ে পড়েছে দেশটি। মুরসিবিরোধীদের মধ্যে একটি জঙ্গি গোষ্ঠী মুরসি-সমর্থক ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুডের প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় এক জনসহ আজ পাঁচ জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, মুরসিবিরোধী তরুণ বিপ্লবীরা দেশের উদার ও বামপন্থী দলগুলোর সঙ্গে এক হয়ে গতকাল রোববার পূর্বঘোষিত গণবিক্ষোভে যোগ দেয়। গতকাল ছিল ইসলামপন্থী নেতা মোহাম্মদ মুরসির প্রেসিডেন্ট পদ গ্রহণের এক বছর পূর্তি। আর এই দিনেই তাঁর পতনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে মিসর। বিক্ষোভকারীদের মুখে মুখে স্লোগান ছিল, ‘জনগণ এই সরকারের পতন চায়।’ গতকাল থেকেই মিসরের ব্যাংক এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে।
সরকারবিরোধী এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী কায়রোর তাহরির স্কয়ার। দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়াতেও একই রকম গণবিক্ষোভ শুরু হয়েছে। এই গণবিক্ষোভ ২০১১ সালে হওয়া হোসনি মোবারকবিরোধী বিক্ষোভ সমাবেশের মতো বলেই ওই খবরে বলা হয়।
এই বিক্ষোভ চলাকালে একবারও সামনে আসেননি প্রেসিডেন্ট মুরসি। তাঁর পদত্যাগ করারও কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তাঁর একজন মুখপাত্র বলেছেন, রাষ্ট্র পরিচালনা করতে মুরসি কয়েকটি সিদ্ধান্ত ভুল নিয়েছেন।
মুরসিবিরোধী বিশাল এই বিক্ষোভ এটাই প্রমাণ করে যে ইসলামি শাসন চালু করতে গিয়ে ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুড শুধু দেশটির উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে বিচ্ছিন্নই হয়ে যায়নি, বরং অর্থনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি দেশটির লাখো জনতাকে ক্রোধান্বিত করে তুলেছে।
মিসরে বর্তমানে পর্যটন ও বিনিয়োগ খাতে খরা, মূল্যস্ফীতি, জ্বালানির অপ্রতুল সরবরাহ, প্রচণ্ড গরমে বিদ্যুত্ স্বল্পতার কারণে সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। যার বহিঃপ্রকাশ ঘটেছে সরকারবিরোধী এই মহাসমাবেশ ও গণবিক্ষোভের মধ্য দিয়ে।
জানা গেছে, সারা দেশে ব্রাদারহুডের রাজনৈতিক কার্যালয়গুলো জনরোষের শিকার হয়েছে। এর মধ্যে গণবিক্ষোভের সময় বিক্ষোভকারীদের একটি জঙ্গি অংশ কায়রোতে ব্রাদারহুডের প্রধান কার্যালয়ে শটগান, পেট্রলবোমা ও পাথর নিয়ে হামলা করে। একপর্যায়ে তারা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়। ব্রাদারহুডের প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের সময় পুলিশ বা ফায়ার সার্ভিসের কোনো তত্পরতা লক্ষ করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় ব্রাদারহুডের কার্যালয়ের ভেতর থেকে রক্ষীরা হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। এ ঘটনায় এক জন নিহত ও ১১ জন আহত হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিকে মুরসি পদত্যাগ না করা পর্যন্ত দেশের কেন্দ্রীয় চত্বরগুলোতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বিক্ষোভের সংগঠকেরা। গতকাল মধ্যরাত থেকেই ১০ হাজারের মতো মানুষ তাহরির স্কয়ারে অবস্থান নিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর একজন কর্মকর্তা দাবি করেন, মিসরের ইতিহাসে এটা সবচেয়ে বড় বিক্ষোভ।
আসিয়াত প্রদেশের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, আজ সকালে বন্দুকধারীদের গুলিতে তিন বিক্ষোভকারী নিহত হয়।মোটরসাইকেলে করে যাওয়ার সময় বন্দুকধারীরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে এ ঘটনা ঘটে।
এদিকে রাজধানী কায়রোর দক্ষিণে বেনি সুইফ প্রদেশে মুরসি-সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে।