মুরসির প্রাসাদের সামনে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের রাজধানী কায়রোতে গতকাল শুক্রবার রাতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির প্রাসাদে হামলা চালানোর চেষ্টা করে হাজার হাজার বিক্ষোভকারী। এ সময় সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়।রিপাবলিকান গার্ডের বিবৃতির বরাত দিয়ে মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানায়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। প্রাসাদের প্রাচীরের ওপর দিয়ে তারা পেট্রল বোমা ছুড়ে মারে। তাদের হটাতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা জলকামান ব্যবহার করেন এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলিও ছোড়েন।রাজধানী ছাড়াও ভূমধ্যসাগরীয় শহর আলেক্সান্দ্রিয়াসহ বিভিন্ন শহরে গতকাল ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মুরসির পদত্যাগ দাবি করে এবং মুরসির ক্ষমতা অবৈধ বলে স্লোগান দেয়।বিরোধীদের অভিযোগ, দুই বছর আগে যে বিপ্লবের মাধ্যমে প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হন এবং পরবর্তীকালে মুরসি ক্ষমতায় এসে সেই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।তবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি ভবন রক্ষায় নিরাপত্তাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে। আর এসব সহিংসতার সঙ্গে যাদের সংশ্লিষ্টতা আছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এএফপি।