মুরসির বিজয়ে মুষড়ে পড়েছেন মোবারক!
মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি জয়ী হওয়ার খবরে মুষড়ে পড়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক। কায়রোর সামরিক হাসপাতালে তাঁর স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। হাসপাতালের এক কর্মকর্তা জানান, মুরসির বিজয়ের খবর মোবারকের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। তিনি বলেন, হাসপাতালের প্রতিবেদন অনুসারে মোবারকের স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। তিনি খুবই হতাশ এবং বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। গত রোববার নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। গত সপ্তাহে কারাগারে স্বাস্থ্যের অবনতি ঘটলে মোবারককে (৮৪) কায়রোর সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। গত বছরের সরকারবিরোধী আন্দোলনের সময় গুলি করে বিক্ষোভকারীদের হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে ২ জুন মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।সাবেক মন্ত্রীর ১৫ বছর সাজাইসরায়েলের কাছে বাজারমূল্যের চেয়ে কম দামে গ্যাস বিক্রির অভিযোগে মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের শাসনামলের একজন মন্ত্রী ও একজন ব্যবসায়ীকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। কায়রোর একটি ফৌজদারি আদালত গতকাল এ রায় দেন।একই অভিযোগে তেল ও গ্যাস বিভাগের আরও সাবেক পাঁচজন শীর্ষ কর্মকর্তার তিন থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হয়েছে। এএফপি।