মুরসির বিরুদ্ধে আদালত অবমাননার নতুন অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতায় থাকার সময় আদালত অবমাননা করেন বলে নতুন অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল শনিবার এ খবর প্রকাশ করে।
ক্ষমতাচ্যুত মিসরীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে অন্যান্য অভিযোগেও মামলা রয়েছে।
খবরে বলা হয়, মোহাম্মদ মুরসির বিরুদ্ধে একটি নতুন আটকাদেশের নির্দেশ দেন সংশ্লিষ্ট অভিযোক্তা। অভিযোগে বলা হয়েছে, ২০০৫ সালের পার্লামেন্ট নির্বাচনে কারসাজি হয়েছিল বলে ২২ জন বিচারকের প্রতি অবমাননাকর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মুরসি।
২০০৫ সালে মুসলিম ব্রাদারহুড একটি নিষিদ্ধ সংগঠন ছিল। তবে দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। তখন মিসরের ক্ষমতায় ছিলেন সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক। তাঁকে গণ-আন্দোলনের মাধ্যমে ২০১১ সালে ক্ষমতাচ্যুত করা হয়।
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে গত ৩ জুলাই উৎখাত করা হয়। তিনি বর্তমানে অজ্ঞাত স্থানে অন্তরীণ রয়েছেন। এএফপি।