মুরসির বিরুদ্ধে হামাসের সঙ্গে আঁতাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি কায়রোতে সাবেক প্রেসিডেন্ট মুরসিবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে মুরসি-সমর্থকদের সংঘাতে সময় মুরসির পোস্টার দিয়ে নিজেকে আড়াল করছেন এক মুরসি-সমর্থক। ছবি: রয়টার্স
সম্প্রতি কায়রোতে সাবেক প্রেসিডেন্ট মুরসিবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে মুরসি-সমর্থকদের সংঘাতে সময় মুরসির পোস্টার দিয়ে নিজেকে আড়াল করছেন এক মুরসি-সমর্থক। ছবি: রয়টার্স

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে আঁতাত করা ও ২০১১ সালের গণবিক্ষোভের সময় কারাগারে হত্যাকাণ্ড চালানোর অভিযোগ আনা হয়েছে। বিবিসি বলছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুরসিকে ৩ জুলাই ক্ষমতাচ্যুত করার পর আজ শুক্রবারই প্রথমবারের মতো তাঁর অস্তিত্ব ও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে মুখ খুলল সেনাবাহিনী। মুরসিকে হত্যা ষড়যন্ত্র মামলায় আটক দেখানো হয়েছে। আদালত প্রাথমিকভাবে মুরসির ১৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেছেন। এদিকে মুরসির সমর্থকেরা আজ শুক্রবার কায়রোজুড়ে বিক্ষোভ করছে। মুরসিবিরোধীরাও পথে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির নিরাপত্তাবাহিনী বলছে, আজ দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১১ জন গুরুতর আহত হয়েছে।

মিসরের সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স বলছে, মুরসির বিরুদ্ধে হত্যা ছাড়াও অনেকে অভিযোগ আনা হয়েছে। সামরিক কর্মকর্তারা মুসলিম ব্রাদারহুডকে সব ভুলে অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়া অথবা চাপ মোকাবিলার আহ্বান জানিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, ইসলামপন্থী প্রতিবাদীদের ওপর সেনাবাহিনী দমন-পীড়ন শুরু করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

কয়রোতে জুমার নামাজ শেষ হওয়ার পর শহরটির খুব নিচ দিয়ে সামরিক হেলিকপ্টারগুলোকে টহল দিতে দেখা গেছে। মুরসি ও সরকার-সমর্থকদের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হলেও, আজ দুপুর পর্যন্ত তেমন কোনো সংঘাত হয়নি।

মুরসির বিরুদ্ধে হত্যার অভিযোগ

বিচারপ্রক্রিয়া নিয়ে দাপ্তরিক বিবৃতি প্রকাশের পর মুরসির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মিলল। তাঁকে ক্ষমতাচ্যুত করার পর তাঁর বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ তুলতে পারছিল না সেনাবাহিনী। ইতিমধ্যে মুরসির পরিবার অভিযোগ তুলেছে, সেনাবাহিনী তাঁকে অপহরণ করেছে। মুরসি এখন অজ্ঞাত স্থানে আটক রয়েছেন।

বিচারিক আদেশে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকবিরোধী আন্দোলন চলাকালে মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি ফিলিস্তিনের সংগঠন হামাসের সঙ্গে আঁতাত করেছিলেন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো হামাসের সামরিক শাখাকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে হামাস বলছে, ওই শাখা ‘সন্ত্রাসী’ নয় বরং ইসরায়েলি হানাদার হাত থেকে স্বাধীন ফিলিস্তিনকে মুক্ত করতে গঠিত মুক্তিবাহিনী।


আদালতের আদেশে বলা হয়, মুসলিম ব্রাদারহুড ও হামাসের কর্মীরা একজোট হয়ে মিসরের কয়েকটি থানা ও কারাগারে হামলা চালায়। ওই সময় তারা একটি কারাগারে আগুন লাগিয়ে দেয়, ফলে বন্দীরা পালাতে সক্ষম হয়। ওই কারাগারে মুরসি নিজেও বন্দী ছিলেন এবং বাকিদের সঙ্গে পালানোর আগে বন্দীদের নিয়ে তিনি কারা কর্মকর্তা, সেনা সদস্য ও অন্য বন্দীদের হত্যা করেন। ২০১১ সালের জানুয়ারিতে মুরসিসহ মুসলিম ব্রাদারহুডের কয়েকজন নেতা কায়রোর কারাগার ভেঙে পালিয়ে যান। সম্প্রতি জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো দাবি জানিয়ে আসছিল যে, হয় মুরসিকে মুক্তি দেওয়া হোক অথবা তাঁর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আনা হোক। মুরসির বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘বিচিত্র’ বলে অভিহিত করেছেন মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র জেহাদ আল হাদ্দাদ। তিনি রয়টার্সকে বলেন, আদালতের এ আদেশের মধ্যদিয়ে ‘সাবেক শাসনব্যবস্থা’ ফিরে এল। হামাস বলেছে, কায়রোর কারাগার ভাঙার ঘটনায় সংগঠনটির যুক্ত থাকার বিন্দুমাত্র প্রমাণও নেই।