মুরসির সমর্থকদের হটাতে পুলিশি অভিযান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধ্য কায়রোতে গতকাল সংঘর্ষের সময় কাঁদানে গ্যাসের শেল পাল্টা পুলিশকে ছুড়ে মারেন মুরসির এক সমর্থক ষ ছবি: রয়টার্স
মধ্য কায়রোতে গতকাল সংঘর্ষের সময় কাঁদানে গ্যাসের শেল পাল্টা পুলিশকে ছুড়ে মারেন মুরসির এক সমর্থক ষ ছবি: রয়টার্স

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের রাজধানী কায়রোর দুটি বিক্ষোভ কেন্দ্র থেকে উচ্ছেদের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
গতকাল সরকারনিয়ন্ত্রিত আল-আহরাম পত্রিকার এক খবরে বলা হয়েছে, মুরসির সমর্থকদের পুলিশি অভিযানের মাধ্যমে হটিয়ে দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী নেতাদের মধ্যে তুমুল বিতর্ক হয়েছে।
সোমবার ভোর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী নয়, এমন অস্ত্রের ব্যবহার করে মুরসির সমর্থকদের অবস্থান শিবির থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু রক্তপাতের আশঙ্কায় তা সাময়িকভাবে স্থগিত করা হয়। সরকারের অভিযোগ, মুরসির সমর্থকদের হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র রয়েছে। এ ছাড়া তাঁরা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছেন। মুরসির সমর্থকদের হটিয়ে দিতে অভিযান নিয়ে অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। অনেকে অতিরিক্ত বল প্রয়োগের বিপক্ষে। তাঁরা সংলাপের মাধ্যমে সংকট মোচনের পক্ষে।
নাম প্রকাশ না করার শর্তে মিসরের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা বিবিসি আরবি বিভাগকে জানান, আশা করা হচ্ছে, অভিযান স্থগিতের এই ঘোষণার পর মুরসির সমর্থকেরা বিক্ষোভ কেন্দ্রগুলো ত্যাগ করবেন।
তবে গতকাল বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে। সম্ভাব্য পুলিশি অভিযান প্রতিহত করতে রাস্তায় নেমে আসতে ব্রাদারহুডের ডাকে সাড়া দিয়ে গতকাল বিক্ষোভ শিবির দুটিতে মুরসির সমর্থকদের উপস্থিতি আরও বাড়তে থাকে।
এ ছাড়া কায়রোর কেন্দ্রস্থলে পুলিশের সঙ্গে মুরসির সমর্থকদের সংঘর্ষ হয়। মুরসির একদলসমর্থক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে মিছিলনিয়েগেলে সরকার-সমর্থকেরা তাঁদের লক্ষ্যকরে আশপাশের ভবন থেকে পাথর ও বোতলছুড়ে মারেন।
ফিলিস্তিনের কট্টর ইসলামি সংগঠন হামাসের সঙ্গে কথিত যোগসাজশের বিষয়ে তদন্তের জন্য গত সোমবার একটি আদালত মুরসির আটকাদেশ আরও ১৫ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
গত ৩ জুলাই সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে রাজধানীতে অবস্থান নিয়ে লাগাতার বিক্ষোভ চালিয়ে আসছেন মুরসির হাজারো সমর্থক ও তাঁর সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীরা। মুরসিকে ক্ষমতায় পুনর্বহাল না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার সিদ্ধান্তে অনড় রয়েছেন তাঁরা। ক্ষমতাচ্যুত করার পর থেকে মুরসিকে অজ্ঞাত স্থানে বন্দী রাখা হয়েছে। মুরসির সমর্থকেরা কায়রোর রাবা আল-আদাওয়াইয়া মসজিদ চত্বর এবং নাহদা স্কয়ারে অবস্থান নিয়েছেন।
মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলে আসছেন, অবস্থান শিবির দুটি থেকে জোর করে তাঁদের হটানোর চেষ্টা করলে রক্তপাত হবে। মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এ পর্যন্ত সংঘর্ষে আড়াই শর বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই মুরসির সমর্থক। বিবিসি ও এএফপি।