মুরসির সমর্থনে ইসলামপন্থীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতা বৃদ্ধি এবং সংবিধানের নতুন খসড়া প্রণয়নের সমর্থনে ইসলামপন্থীরা দেশটির রাজধানী কায়রোর কেন্দ্রস্থলে গতকাল শনিবার সমাবেশ করেছেন। এতে দেশটিতে রাজনৈতিক মেরুকরণ তীব্র হওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।উদার ও বামপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা ‘অতি-ইসলামপন্থী’ খসড়া সংবিধানটির বিরোধিতা করেছেন। নতুন সংবিধানকে কেন্দ্র করে মিসরে আবার রাজনৈতিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সংবিধান প্রণয়নকারী গণপরিষদ ভেঙে দেওয়ার ব্যাপারে দেশটির শীর্ষ আদালত শিগগিরই রুল জারি করবেন। প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত ডিক্রি জারির পর মুরসির সঙ্গে দেশটির জ্যেষ্ঠ বিচারকদের সম্পর্কের অবনতি হয়েছে। ওই ডিক্রি অনুযায়ী, আগামী পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত প্রেসিডেন্ট মুরসির কোনো সিদ্ধান্তে বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারবেন না। এ ছাড়া গণপরিষদ ভেঙে দেওয়ার ক্ষমতাও আদালতের আর থাকবে না। মুরসির হাতে অতিরিক্ত ক্ষমতা চলে আসায় মিসরে নতুন স্বৈরশাসকের উত্থানের আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট মুরসিকে তাঁর সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই। খসড়া সংবিধানটি চূড়ান্ত করতে আগামী দুই সপ্তাহের মধ্যে গণভোট আয়োজনের সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট মুরসি বলেছেন, গণভোটে নতুন সংবিধান অনুমোদিত হলে তিনি অতিরিক্ত ক্ষমতা ছেড়ে দেবেন। উদারপন্থী এবং খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা ওই খসড়া নিয়ে গত বৃহস্পতিবার সারা রাতব্যাপী অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন। রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড ও ইসলামপন্থী অন্যান্য দলের সমর্থকেরা গতকাল সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। তাঁদের হাতে ‘মুসলিম ব্রাদারহুড প্রেসিডেন্ট মুরসির সিদ্ধান্তের পক্ষে’, ‘জনগণ আল্লাহর আইনের প্রয়োগ দেখতে চায়’ প্রভৃতি স্লোগানসংবলিত ব্যানার ছিল। ইসলামপন্থী দলগুলো এখন দেশটির উদারপন্থীদের শত্রুপক্ষ বলে চিহ্নিত করছে। দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারক এই উদারপন্থীদের আন্দোলনেই গত বছর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন।মোহাম্মদ মুরসি গত জুনে ক্ষমতায় আসার পর থেকে ইসলামপন্থী ও উদারপন্থীদের বিরোধ বাড়তে শুরু করে। কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ারে মুরসিবিরোধী সমাবেশে গত শুক্রবার অন্তত ১০ হাজার মানুষ যোগ দেয়। সেখানে ‘জনগণ এই সরকারের পতন চায়’ স্লোগান দেওয়া হয়। একই দিনে আলেকজান্দ্রিয়া শহরে সরকারপন্থী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। এএফপি ও বিবিসি।