‘ধর্ষকদের ফাঁসিতে ঝোলানো ঠিক নয়’—ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির (এসপি) নেতা মুলায়ম সিং যাদবের এমন বক্তব্যের কড়া জবাব দিল দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যার শিকার মেডিকেলছাত্রী ‘নির্ভয়া’র পরিবার। মুলায়মের মতো নেতাদের ভোট না দিতে পরিবারটি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে।
এসপির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের মোরাদাবাদে এক জনসভায় ধর্ষকদের মৃত্যুদণ্ডের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘ছেলেরা ভুল করেছে। সে জন্য তাদের ফাঁসি দেওয়া ঠিক নয়। আমরা ক্ষমতায় এলে আইনে পরিবর্তন আনব।’
নির্ভয়ার মা বলেন, ‘মুলায়ম যা বলেছেন, তার সঙ্গে আমরা একমত নই...ক্ষমতার শীর্ষে থাকা এমন ব্যক্তিরা যখন এ ধরনের মন্তব্য করেন, সেটা পুরোপুরিই ভুল। আমি ভোটারদের কাছে আবেদন জানাব, এ ধরনের মন্তব্য করা নেতাকে নির্বাচিত করা ঠিক হবে না। এ ধরনের মন্তব্যের মাধ্যমে তিনি কেবল অপরাধীদের আবার অপকর্ম করতে ইন্ধন দিচ্ছেন।’
গুরুর পথে শিষ্য: গুরু মুলায়মের সুরেই এবার কথা বললেন এসপির মহারাষ্ট্র রাজ্য শাখার প্রধান আবু আজমি। তিনি গতকাল শুক্রবার মন্তব্য করেন, ধর্ষণের শিকার নারীসহ বিবাহবহির্ভূত যৌন সম্পর্কে লিপ্ত সব নারীকেই ফাঁসিতে ঝোলানো উচিত। হিন্দুস্তান টাইমস।