মুলায়মের মধ্যবর্তী নির্বাচনের ডাক, উদ্বেগে কংগ্রেস
ভারতের উত্তর প্রদেশের বিধানসভার নির্বাচনে বিশাল জয়ের পর সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি মুলায়ম সিং যাদব তাঁর দলের কর্মীদের মধ্যবর্তী নির্বাচনের জন্য ‘প্রস্তুত’ থাকার আহ্বান জানিয়েছেন। মুলায়মের এই আহ্বান কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন ইউপিএ সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত শুক্রবার লক্ষৌর লোহিয়া পার্কে এক সভায় দলের কর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনিশ্চয়তার কারণে সরকার টিকিয়ে রাখতে মুলায়ম সিং যাদবের ওপরই ভরসা করছিল কংগ্রেস। মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে সমাজবাদী পার্টিকেই শেষ ভরসা ভাবছিল কংগ্রেস। দলটি বাইরে থেকে কংগ্রেস সরকারকে সমর্থন দিয়ে আসছে।মুলায়ম সিং বলেন, ‘যদিও বর্তমান লোকসভার মেয়াদ ২০১৪ সালে শেষ হওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও এক বছরের মধ্যে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা রয়েছে।’তবে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে মুলায়ম সিং যাদবের এ বক্তব্য প্রত্যাখান করে বলেছে, আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। মধ্যবর্তী নির্বাচনের আলোচনা শুরু হওয়ায় কংগ্রেসের কিছু সদস্য উদ্বিগ্ন হলেও অন্যদের ধারণা, আনুষ্ঠানিকভাবে ইউপিএ সরকারে যোগ দেওয়ার আগে এটি মুলায়ম সিং যাদবের পূর্বপ্রস্ততি।দলের মুখপাত্র অভিষেক সিংভি বলেন, ‘কোথাও অনিশ্চয়তা বা অস্থিতিশীলতা নেই, এমন কিছু সৃষ্টিও হয়নি।’ মুলায়মের এ বক্তব্যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজিপি) ভাবান্তর নেই। দলটির রাজ্যসভার বিরোধীদলীয় নেতা অরুণ জেটলি বলেন, ‘যদি সরকারের স্থিতিশীলতা সম্পর্কে মুলায়ম নিশ্চিত না হন, তাহলে প্রকাশ্যেই সরকার ওপর থেকে তাঁর সমর্থন প্রত্যাহার করা উচিত।’ মুলায়মের মন্তব্য সম্পর্কে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শারদ পাওয়ার বলেন, ‘তিনি (মুলায়ম) যা বলেছেন, এতে নতুন কী আছে? প্রত্যেক দলকেই সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হয়।’ এদিকে লক্ষৌর জনসভায় মুলায়ম তাঁর ছেলে ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেও কয়েক মাসের মধ্যে নির্বাচনী অঙ্গীকার পূরণের কথা বলেছেন, যাতে জাতীয় নির্বাচন হলে এর সুফল ঘরে তুলতে পারে সমাজবাদী দল।সমাজবাদী দলের নেতা বলেন, ছয় মাসের মধ্যে পরিবর্তনের (উত্তর প্রদেশে) বিষয়টি দৃশ্যমান হতে হবে এবং নির্বাচনী ইশতেহার এক বছরের মধ্যে বাস্তবায়ন হতে হবে। তিনি বলেন, লোকসভা নির্বাচন কখন ঘোষণা করা হবে, এর কোনো নিশ্চয়তা নেই। সমাজবাদী দলের কর্মীদের শিগগিরই আরও বড় যুদ্ধে নামার জন্য প্রস্তুত থাকতে হবে। যত দ্রুত সম্ভব সব স্তরে দলকে শক্তিশালী করতে হবে, যাতে আমরা ভালোভাবে লোকসভা নির্বাচন শেষ করতে পারি।