ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল পাঁচটার দিকে শেষ হয়। দ্য টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়েছে। ২২ জুলাই ফলাফল ঘোষণা করা হব। ২৫ জুলাই রাষ্ট্রপতি শপথ নেবেন। ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী ও কংগ্রেসের নেতা প্রণব মুখার্জি এবং বিরোধী জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) প্রার্থী পি এ সাংমা এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রণব মুখার্জির বিপুল ভোটে জয়লাভের সম্ভাবনা অনেক বেশি বলে মত দিয়েছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা।এদিকে সমাজবাদী পার্টির সভাপতি মুলায়েম সিং যাদব ভোট দিতে গিয়ে ভুল করে পি এ সাংমাকে ভোট দেন। ভুল বুঝতে পেরে তিনি ওই ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। পরে তিনি প্রণবকে মুখোপাধ্যায়কে ভোট দেন।সাংমার পোলিং এজেন্ট সত্য পাল জেইন রিটানিং কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ দিয়ে ভোট বাতিলের আহ্বান জানিয়েছেন।নির্বাচনে ইউপিএর প্রার্থী ও কংগ্রেসের নেতা প্রণব মুখার্জির বিপুল ভোটে জয়লাভের সম্ভাবনা অনেক বেশি বলে মত দিয়েছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা।ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে সব মিলিয়ে ১০ লাখ ৯৮ হাজার ৮৮২ ভোট রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে এর অর্ধেক ভোট পেতে হবে। এর মধ্যে ইউপিএ জোটের দল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), রাষ্ট্রীয় লোকদল, ডিএমকে ও ন্যাশনাল কনফারেন্সের মোট ভোট রয়েছে সাত লাখ ১৭ হাজার ৭৯৬। এই ভোট নিশ্চিতভাবে প্রণবের পক্ষেই যাচ্ছে। এ ছাড়া ছোট কয়েকটি দলের ৩১ হাজার ৯২৭ ভোট রয়েছে। এর অর্ধেক ভোট প্রণবের পক্ষে যাবে বলে আশা করছে ইউপিএ জোট। এর বাইরে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (এম), ফরওয়ার্ড ব্লকসহ কয়েকটি বামপন্থী দল ও এনডিএ জোটের শরিক দল শিবসেনাও প্রণবকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে। তাই মনে করা হচ্ছে, প্রণব বিপুল ভোটেই নির্বাচিত হতে যাচ্ছেন।প্রণবের প্রতিদ্বন্দ্বী লোকসভার সাবেক স্পিকার ও এনসিপির সাবেক নেতা পি এ সাংমা তিন লাখ ১২ হাজার ৭৮৭ ভোট পেতে পারেন।