মুসলমানদের কাছে ক্ষমা চাইতে প্রস্তুত বিজেপি

আসন্ন লোকসভা নির্বাচনে মুসলমান ভোটারদের কাছে টানতে উদ্যোগ নিয়েছে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি মুসলমানদের ব্যাপারে কোনো ‘ভুল’ করে থাকলে তার জন্য তারা ক্ষমা চাইতে প্রস্তুত আছে।
আজ মঙ্গলবার মুসলমান সম্প্রদায়ের লোকদের এক সভায় বিজেপির প্রধান রাজনাথ সিং এ কথা বলেন। তিনি মুসলমানদের কংগ্রেসের প্রচারণায় ‘বিভ্রান্ত’ না হতে আহ্বান জানান।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে বলা হয়, রাজনাথ সিং মুসলমানদের উদ্দেশ করে বলেন, ‘যেখানেই, যখনই যদি আমাদের পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে, আমরা নতমস্তকে ক্ষমা চাইব, আমি এটার নিশ্চয়তা দিচ্ছি।’
রাজনাথ সিং বলেন, বিজেপি মুসলমানদের বিপক্ষে নয়। তাই বিজেপিবিরোধী প্রচারণায় মুসলমানদের কর্ণপাত করা উচিত নয়। এ সময় তিনি দেশরক্ষায় বিজেপিকে ভোট দিতে মুসলমানদের প্রতি আহ্বান জানান।
বিজেপির সভাপতি মুসলমান সম্প্রদায়ের উদ্দেশে বলেন, সরকার গঠনের জন্য নয়, ভ্রাতৃত্ব ও মানবতার ভিত্তিতে শক্তিশালী জাতি গঠনে ভোট দিন।