মুসলমানদের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে কাতারে মুসলিম নেতাদের একটি সমাবেশে ভিডিও বার্তা পাঠাচ্ছেন তিনি। পাশাপাশি তাঁর প্রধান কূটনীতিক হিসেবে সেখানে বক্তৃতা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত বৃহস্পতিবার ওই অনুষ্ঠানের আয়োজকেরা এ কথা জানান।কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের সাবাহ সেন্টার ফর মিডল ইস্ট পলিসিতে আজ শনিবার শুরু হবে সপ্তম বার্ষিক ‘ইউএস-ইসলামিক ওয়ার্ল্ড ফোরাম’। তিন দিনের এই সম্মেলনে কাল রোববার বক্তৃতা করবেন হিলারি। এই সমাবেশে মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে মার্কিন কর্মকর্তা, সুশীল সমাজের নেতা ও নীতিনির্ধারকদের আলোচনা হবে। ব্রুকিংস ইনস্টিটিউশনের বিবৃতিতে এ কথা জানানো হয়।বিবৃতিতে সংস্থার প্রেসিডেন্ট স্ট্রোব ট্যালবট বলেন, বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে আমেরিকার সম্পর্কের পরিবর্তনে দৃঢ়প্রতিজ্ঞ প্রেসিডেন্ট ওবামা। কীভাবে দুই পক্ষের বিভাজনগুলো দূর করে আরও কার্যকর অংশীদারি গড়ে তোলা যায়, তা নিয়ে এখানে আলোচনা হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন ট্যালবট। তিনি ছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক মার্কিন দূত রিচার্ড হলব্রুক ও মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির জন কেরিও এ সম্মেলনে উপস্থিত থাকবেন।মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শনিবার (আজ) কাতারে পৌঁছানোর কথা হিলারির। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসেম আল-থানির সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়া কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির সঙ্গেও তাঁর বৈঠক করার কথা। সোমবার তিনি সৌদি আরব যাবেন।২০০৮ সালের সম্মেলনে আগত মুসলিম বিশ্বের প্রতিনিধিরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে ওই সময় অনেকেই সতর্ক করেছিলেন, ওবামা রাতারাতি কোনো নীতিগত পরিবর্তন আনতে পারবেন—এমন আশা করাটা ঠিক হবে না। তবে গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেওয়া ভাষণে ওবামা বলেছিলেন, পারস্পরিক স্বার্থের বিবেচনায় ও পরস্পরের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে নতুন পথে এগোতে চান তিনি। এএফপি।