মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলটির সমুদয় সম্পত্তিও বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। গতকাল সোমবার কায়রোর একটি আদালত নিষিদ্ধের এ রায় দেন। রায়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসলামপন্থী দলটি। তবে রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে এবং উচ্চতর আদালত এ রায় খারিজও করে দিতে পারেন বলে গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়।

কায়রো কোর্ট ফর আর্জেন্ট ম্যাটারস ওই রায়ে বলেন, এটি ইসলামপন্থী দল ব্রাদারহুড, এর আওতাভুক্ত বেসরকারি সংগঠন (এনজিও) ও সহযোগী যেকোনো সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আদালত অন্তর্বর্তী সরকারের প্রতি ব্রাদারহুডের সব তহবিল জব্দ করারও নির্দেশ দেন। রায়ের বিরুদ্ধে কোনো আপিল শুনানি অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বাজেয়াপ্ত করা সমুদয় সম্পদ দেখাশোনায় একটি প্যানেল গঠন করতে বলেন আদালত।

আদালত এ রায়ের কোনো কারণ ব্যাখ্যা করেননি। তবে তাগাম্মু নামে পরিচিত বামপন্থী ন্যাশনাল প্রোগ্রেসিভ ইউনিয়নিস্ট পার্টির দাখিল করা একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।

গত ৩ জুলাই প্রেসিডেন্ট মুরসিকে উৎখাতের পর থেকেই ব্রাদারহুডের নেতা-কর্মীদের ওপর সেনা-সমর্থিত সরকার নিষ্ঠুর দমনাভিযান চালিয়ে যাচ্ছে। যেমন নাটকীয়ভাবে দলটি ক্ষমতায় এসেছিল, ঠিক তেমনিভাবেই একে উৎখাত করে দেশটির ধর্মনিরপেক্ষ সেনাবাহিনী।

মুরসিকে উৎখাতের পর থেকেই ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হতে পারে বলে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে এ জল্পনাই বাস্তবে রূপ পেল। এর আগে দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে সহিংসতা ও হত্যাকাণ্ডে ইন্ধন জোগানোর সন্দেহে আটক করা হয়। এঁদের মধ্যে দলের প্রধান মোহাম্মদ বাদিও রয়েছেন।

এদিকে রায়ের তীব্র নিন্দা জানিয়ে ব্রাদারহুড বলেছে, এটি ‘অসাধু ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। দলটি তার টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘এটি এমন এক সংগঠন, যার অস্তিত্ব মিসরের মাটিতে সব সময়ই থাকবে, এমনকি নিষিদ্ধ হওয়ার পরও। ব্রাদারহুড মিসরীয় সমাজের অবিচ্ছেদ্য অংশ।’ ব্রাদারহুডের প্রভাবশালী সদস্য ইব্রাহিম মুনির আদালতের রায়কে ‘সর্বগ্রাসী সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন।

৮৫ বছরের পুরোনো ইসলামি দলটিকে ১৯৫৪ সালেও নিষিদ্ধ করেছিলেন সেনাশাসকেরা। পরবর্তী সময়ে এটি মুসলিম ব্রাদারহুড অ্যাসোসিয়েশন নাম নিয়ে একটি এনজিও হিসেবে নিবন্ধিত হয়। ব্রাদারহুডের ‘ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি (এফজেপি)’ নামে বৈধ নিবন্ধিত রাজনৈতিক শাখাও রয়েছে। স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে ২০১১ সালে গণ-অভ্যুত্থান শুরুর পর এ শাখা প্রতিষ্ঠিত হয়। বিবিসি ও এএফপি।