মুসলিম ব্রাদারহুডের ডাকে মিসরজুড়ে গণবিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ক্ষমতাসীন সামরিক পরিষদের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের আহ্বানে গতকাল মঙ্গলবার গণবিক্ষোভ হয়েছে। সামরিক পরিষদের নতুন প্রজ্ঞাপনের প্রতিবাদে এবং প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।মিসরে ক্ষমতাসীন সামরিক পরিষদ সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেস (স্কাফ) নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে নিজেদের ক্ষমতা বৃদ্ধি এবং প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করেছে। এ ছাড়া মিসরের খসড়া সংবিধানের যেকোনো অনুচ্ছেদের ব্যাপারে স্কাফ বিরোধিতা করতে পারবে এবং সশস্ত্র বাহিনীসংক্রান্ত যেকোনো বিষয়ে একচ্ছত্র সিদ্ধান্ত নিতে পারবে। স্কাফের প্রধান হিসেবে ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির নাম ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী মুসলিম ব্রাদারহুডের প্রার্থী বিজয়ী হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। ইসলামপন্থী ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির (এফজেপি) একজন মুখপাত্র বলেন, এফজেপির চেয়ারম্যান মোহাম্মদ মুরসি প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। নির্বাচন কমিশন (এইচপিইসি) কাল বৃহস্পতিবার ওই নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে। বিবিসি।