মুসলিম ব্রাদারহুডের বড় নেতা বাদি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষণশীল ইসলামপন্থী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় নেতা মোহাম্মদ বাদিকে কায়রোর উত্তর-পূর্ব নসর সিটির একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। এর মধ্য দিয়ে মিসর কর্তৃপক্ষ তাদের দমন অভিযানকে আরও জোরদার করেছে। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পাতায় বাদির একটি ছবি প্রকাশ করা হয়। সেখানে বাদিকে দুজন ব্যক্তির মাঝখানে বসে থাকতে দেখা যায়। তাঁর চোখের চারপাশে কালো দাগ। ছবির নিচে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ক্যাপশন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আল মাসরি আল ইয়োম পত্রিকাকে বাদির গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত জুলাই মাসে তাঁর বিরুদ্ধে বিক্ষোভকারীদের খুন করার প্ররোচনার অভিযোগ আনা হয়। এই অভিযোগে বাদি ও তাঁর দুই ডেপুটির ২৫ আগস্ট বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

দেশটির সরকারি কৌঁসুলি (পিপি) ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে সহিংসতায় প্ররোচনা দেওয়ার নতুন করে অভিযোগ এনেছেন।

মিসরের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তাঁকে পুনর্বহালের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছে মুসলিম ব্রাদারহুডের সমর্থকেরা। এর জের ধরে গত বুধবার দেশটিতে ঘটে গেছে কয়েক দশকের সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। এখন পর্যন্ত সহিংসতায় অন্তত ৯০০ জন নিহত হয়েছে। এর মধ্যে ১০০ জন সেনা ও পুলিশ সদস্য রয়েছে।

গতকাল সোমবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক সংবাদ সম্মেলনে মুরসিকে মুক্তি দিতে মিসর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে মুসলিম ব্রাদারহুডের ক্ষেত্র আরও বাড়াতে হবে, কারণ তাদের রাজনৈতিক গণ্ডি খুব সীমিত।’ তিনি মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ না করার আহ্বান জানান।

২০১১ সাল ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়ার হোসনি মোবারক চলতি সপ্তাহের শেষ দিকেই মুক্তি পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ফারেদ এল-দিব। তিনি রয়টার্সকে বলেন, গতকাল একটি আদালত দুর্নীতির একটি মামলা থেকে হোসনি মোবারককে খালাস দিয়েছেন। তাই তার মুক্তি পেতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যপ্রণালি শেষ করতে ৪৮ ঘণ্টার বেশি সময় লাগবে না।

আদালতের একটি সূত্র মোবারকের মুক্তির বিষয়টি নিশ্চিত না করে বলেন, অন্য একটি দুর্নীতি মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাঁকে অন্তত আরও দুই সপ্তাহ কারাগারে কাটাতে হবে।