মুসলিম ভোটে বিভক্তি, লাভবান বিজেপি
ভারতের সংখ্যালঘু মুসলিম ভোটারদের দলে টানা ও বিজেপির বিরুদ্ধে তাঁদের ‘উসকে’ দেওয়ার প্রাণান্তকর চেষ্টা সত্ত্বেও এবারের লোকসভা নির্বাচনে ‘ধর্মনিরপেক্ষ’ ধারার দলগুলো তেমন সুবিধা করতে পেরেছে বলে মনে হচ্ছে না৷ বরং মুসলিম ভোটে পাল্টা মেরুকরণ হয়েছে৷ আর এতে বিজেপিই লাভবান হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা৷
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, কংগ্রেসসহ ধর্মনিরপক্ষে দলগুলো বিজেপির বিরুদ্ধে ‘সতর্ক’ করে মুসলিম ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিল নির্বাচনী প্রচারণায়৷ এতে প্রভাবিত হয়ে তাঁরা বিজেপির বিরুদ্ধে অবস্থান নিলেও কার্যকরভাবে তার প্রয়োগ ঘটেনি৷ বিজেপিকে রুখতে গিয়ে তাঁরা ভোট দিয়েছেন বিিভন্ন দলকে৷ এতে বরং মুসলিম ভোটে বিভক্তিই ঘটেছে৷
উত্তর প্রদেশ রাজ্যের যে ২৫টি আসনে মুসলমান ভোটারের সংখ্যা ২৫ শতাংশ বা এর বেশি, তার সব কটিতেই জিতেছে বিজেপি (ব্যতিক্রম বাদাউন—এখানে জয়লাভ করেছে এসপি)৷ উত্তর প্রদেশের মতো বিহারেও মোট ভোটারের ১৬ শতাংশ মুসলমান৷ এখানেও জয়জয়কার বিজেপির৷
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, ভারতের ১২০ কোটি জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মুসলমান৷ লোকসভার ৫৪৩ অাসনের ৩৫টিতে প্রতি তিনজন ভোটারের একজন বা তারও বেশি মুসলিম৷ ৩৮টি আসনে মুসলিম ভোটারসংখ্যা ২১-৩০ শতাংশ৷ ১৪৫টি আসনে ১১-২০ শতাংশ৷ এসব আসনে মুসলিম ভোটারদের যে প্রভাব, তা একত্র করলে বাকি ২১৮টি আসনের ফলাফলেও তাঁদের প্রভাব বিস্তারের ক্ষমতা যথেষ্ট রয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা৷বিশ্লেষকেরা বলেন, এটি ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল, নির্বাচনে মুসলমানেরা বিজেপির জয় ঠেকাতে পারবেন—এমন দলের পক্ষেই সমর্থন দেবেন৷ তবে ধারণাটি করা যত সহজ ছিল, বাস্তবায়ন ছিল তত কঠিন৷ কেননা, বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা এমন কোনো দল বা প্রার্থীকে খুঁজে পাননি, যাঁকে ভোট দিলে বিজেপির প্রার্থীকে রোখা যায়৷
বিশিষ্ট জনমত সমীক্ষক প্রাণয় রয় ও ডেভিড বাটলারের মতে, ২০১৪ সালের এ নির্বাচনটি ছিল মুসলিম ভোটারদের কাছে এক নিজরবিহীন বিভক্তির নির্বাচন৷ টাইমস অব ইন্ডিয়া৷