বৌদ্ধধর্মাবলম্বী জন-অধ্যুষিত মিয়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘আদিবাসী মুসলিম রোহিঙ্গাদের নির্মূলের’ অভিযোগ তুলেছে সৌদি আরব। গতকাল মঙ্গলবার সৌদি আরবের সরকারি গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। সৌদি মন্ত্রিপরিষদের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এসপিএ বলেছে, ‘আমরা মিয়ানমারে আদিবাসী নির্মূল ও মুসলিম রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত নির্যাতনের নিন্দা জানাই। নিন্দা জানাই রোহিঙ্গাদের মাতৃভূমি ত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনেরও।’বাদশাহ আবদুল্লাহর সভাপতিত্বে সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ নিন্দা জানানো হয়। সৌদি কর্তৃপক্ষ মিয়ানমারের মুসলমানদের রক্ষা এবং নতুন করে প্রাণহানি এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ইয়াঙ্গুনের সরকারি কর্মকর্তাদের তথ্য অনুসারে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে বুদ্ধ রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে জাতিগত দাঙ্গায় গত জুনেই মারা গেছে ৮০ জন। এর মধ্যে রোববারই নিহত হয়েছে তিনজন। একজন রাখাইন নারীকে ধর্ষণ ও হত্যা এবং ১০ জন মুসলিমকে বিনা বিচারে হত্যার পরই মূলত এ দাঙ্গা ছড়িয়ে পড়ে। এএফপি।