মুসলিম স্বৈরশাসকদের উৎখাতের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসর ও তিউনিসিয়ায় সরকার উৎখাতের বিপ্লব মুসলিম জাগরণের জন্য বিরল এক ঐতিহাসিক সুযোগ। মার্কিন অভিযানে নিহত আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের কণ্ঠ বলে প্রচারিত এক অডিওবার্তায় এই মন্তব্য করা হয়েছে। এতে অন্যান্য দেশের মুসলিম স্বৈরশাসকদের উৎখাতের আহ্বান জানানো হয়।গত বুধবার লাদেনের বলে কথিত এই অডিওবার্তা আল-কায়েদার গণমাধ্যম শাখা আস-সাহাব বিভিন্ন ইসলামি ওয়েবসাইটে পাঠায়। মার্কিন পর্যবেক্ষণ সংস্থা সাইট তা ইংরেজিতে ভাষান্তর করে প্রচার করে।মৃত্যুর আগে ধারণ করা ১২ মিনিট ৩৭ সেকেন্ডের এই অডিওবার্তায় লাদেন এমন এক পরিষদ গঠনের জন্য সুপারিশ করেছেন, যারা বিপ্লববিষয়ক পরামর্শ দেবে এবং আরব বিশ্বে বিদ্রোহ ছড়িয়ে দেওয়ার যথার্থ সময় নির্ধারণে সিদ্ধান্ত নেবে। লাদেন বলেন, দেরি করলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আবার ঠিক সময়ের আগে বিপ্লব ঘটাতে গেলে হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি, আল্লাহর নির্দেশে এই বিপ্লবের হাওয়া গোটা মুসলিম বিশ্বে বয়ে যাবে।’অডিওবার্তায় লাদেন মিসর ও তিউনিসিয়ার বিপ্লবের কথা উল্লেখ করলেও সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনের বিষয়টি উল্লেখ করেননি। এ ছাড়া বিক্ষোভের ব্যাপারে যুক্তরাষ্ট্রকেও অভিযুক্ত করেননি। তিনি বলেন, ‘রাস্তার গুরুত্বপূর্ণ সংযোগস্থলে এসে পৌঁছেছেন আপনারা। মুসলিম বিশ্বের উত্থানের এটি বিরাট এক ঐতিহাসিক সুযোগ। পশ্চিমা প্রভাব, মানুষের তৈরি আইন ও শাসকদের দাসত্ববন্ধন থেকে নিজেকে মুক্ত করার সুযোগ এটি। মুসলিম বিশ্ব কয়েক দশক ধরে এমন সুযোগের জন্য অপেক্ষা করছে। সুযোগটি হাতছাড়া করা মহাপাপ ও বোকামি হবে। কাজেই এই সুযোগ কাজে লাগাতে হবে। সব মূর্তি ধ্বংস করে ন্যায়বিচার ও বিশ্বাসকে প্রতিষ্ঠা করতে হবে। আর অপেক্ষা কেন? সুযোগ যখন এসেছে, নিজেকে ও নিজের সন্তানদের রক্ষা করুন।’ এএফপি, বিবিসি, রয়টার্স।