মুসলিমদের আমেরিকান ভিসা বাতিল নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রগামী ব্রিটিশ মুসলিমদের এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়ার পর পর কয়েকটি ঘটনায় আমেরিকান ভিসানীতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে যুক্তরাজ্যে। কোনো কারণ ব্যাখ্যা না করে ব্রিটিশ মুসলিমদের ভিসা বাতিল করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে যুক্তরাজ্যের একাধিক এমপি এ বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের হস্তক্ষেপ চেয়েছেন। এসব ঘটনা যুক্তরাষ্ট্রে ভ্রমণ-ইচ্ছুক ব্রিটিশ মুসলিমদের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে।
১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম আজমল মাসরুরকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগমুহূর্তে ফিরিয়ে দেওয়া হয়। পোশাক-পরিচ্ছদে গতানুগতিক ইমামদের চাইতে আলাদা শার্ট, ট্রাউজার আর স্যুট পরিধানে অভ্যস্ত এই ইমাম মূলধারার গণমাধ্যমে ইসলামিক উগ্রবাদের বিরুদ্ধে মতামত তুলে ধরার কারণে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে একজন সহনশীল ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তাঁর প্রতি এমন আচরণ নিয়ে সংবাদ প্রচারিত হওয়ার পর একে একে বেরিয়ে আসে আরও ঘটনা।
আজমল মাশরুর প্রথম আলোকে বলেন, হিথ্রো বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ করে ভার্জিন এয়ারলাইনসে ওঠার আগমুহূর্তে তাঁকে জানানো হয়, তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা বাতিল করা হয়েছে। নিজেকে স্থানীয় আমেরিকান দূতাবাসের কর্মকর্তা পরিচয় দেওয়া ওই কর্মকর্তা ভিসা বাতিলের কোনো কারণ ব্যাখ্যা করেননি।
আজমল মাসরুর প্রথম আলোকে জানান, ঘটনার পরদিন শুক্রবার ফোন পেয়ে তিনি লন্ডনের মার্কিন দূতাবাসে যান। সেখানে তাঁকে জানানো হয়, তাঁর ভিসা বাতিল করেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। আর দূতাবাসের কর্মকর্তারা সেই আদেশ পালন করেছেন মাত্র।
নিউইয়র্কের একটি মসজিদে জুমার নামাজে ইমামতি এবং আরও দুটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল আজমল মাসরুরের। তবে এসব অনুষ্ঠানের কারণে ভিসা প্রত্যাহার হয়নি বলে জানান দূতাবাসের কর্মকর্তারা।
গত মঙ্গলবার গার্ডিয়ান-এ প্রকাশিত লেবার পার্টির এমপি স্টেলা ক্রেসি এক নিবন্ধে লেখেন যে তাঁর নির্বাচনী এলাকার ১১ সদস্যের একটি পরিবারকে লন্ডনের গেটউইক বিমানবন্দর থেকে একই কায়দায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ১৫ ডিসেম্বর এ ঘটনা ঘটে। পাকিস্তানি বংশোদ্ভূত এই পরিবার লস অ্যাঞ্জেলেসের ডিজনিল্যান্ডে ভ্রমণে যাচ্ছিল। তিনি নিজে এ ঘটনার কারণ জানতে চেয়ে আমেরিকান দূতাবাসের কোনো সাড়া পাননি বলে জানান এই এমপি।
আরও এক বাসিন্দার কাছ থেকে এমন অভিযোগ পেয়েছেন জানিয়ে স্ট্রেলা বলেন, ‘উদ্বেগের বিষয় হলো, এসব ঘটনার একটা জায়গায় বড় মিল, আর তা হলো ধর্ম।’ তিনি বলেন, ঘটনাগুলোর পর আমেরিকা কিংবা যুক্তরাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করেননি। ফলে এসব ব্যক্তি যে নিরাপত্তার জন্য হুমকি, সেই অনুমান করাও অমূলক। ব্রিটিশ মুসলিমরা যাতে বৈষম্যের শিকার না হন, সে জন্য মার্কিন সরকারের কাছে এসব ঘটনার জবাব চাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে চিঠি পাঠিয়েছেন এই এমপি।
ব্রিটিশ পার্লামেন্টের হোম অ্যাফেয়ার্স কমিটির চেয়ার কিথ ভাজ বিবিসিকে বলেন, তাঁর নির্বাচনী এলাকার বাসিন্দার কাছ থেকেও একই রকম অভিযোগ পেয়েছেন। তিনি বলেন, মনে হচ্ছে কোনো কারণ ছাড়া ব্রিটিশ মুসলিমদের ভিসা বাতিল করার বিষয়টিকে আমেরিকা নিয়ম করে ফেলেছে। ঘটনাগুলোকে অগ্রহণযোগ্য উল্লেখ করে এই এমপি বলেন, বিষয়টি নিয়ে ব্রিটিশ সরকারের উচিত মার্কিন দূতাবাসের ব্যাখ্যা জানতে চাওয়া।
আজমল মাসরুর প্রথম আলোকে বলেন, এ নিয়ে তিনি গণমাধ্যমে সরব হওয়ার পর থেকে বাংলাদেশিসহ বেশ কয়েকজন ব্রিটিশ মুসলিম তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন, যাঁরা ইতিপূর্বে এমন ঘটনার শিকার হয়েছেন। স্পর্শকাতর বিবেচনায় তাঁরা এসব ঘটনা প্রকাশ করেননি। আজমল মাসরুর বলেন, ‘তারা অবশ্যই ভিসা বাতিলের অধিকার রাখে। কিন্তু এর কারণ জানার অধিকারও মানুষের রয়েছে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অনেকের আত্মীয়স্বজন কিংবা ব্যবসা-বাণিজ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন আচরণ অব্যাহত থাকলে মুসলিমদের ক্ষতি হবে অপূরণীয়।