মুসলিমদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন আফগান তালেবানের
আফগানিস্তানের তালেবান জঙ্গিরা তাদের জিহাদি কার্যক্রম চালিয়ে যেতে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। গত বুধবার তালেবান তাদের ওয়েবসাইটে এ আবেদন জানায়। তবে বিশ্লেষকেরা মনে করছেন, এ ধরনের আবেদন আসলে জঙ্গি সংগঠনটির প্রচারণারই এক ধরনের কৌশল মাত্র।আবেদনে জঙ্গি সংগঠনটির সঙ্গে যোগাযোগের জন্য টেলিফোন নম্বর ও ই-মেইল ঠিকানা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইসলামের শরিয়া আইন অনুযায়ী, অমুসলিম দখলদারদের বিরুদ্ধে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা মুসলিম ভাইয়ের জন্য সর্বান্তকরণে জিহাদ বা পবিত্র যুদ্ধে অংশ নেওয়া বাধ্যতামূলক।আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন অভিযানের আগ পর্যন্ত ১৯৯৬ সাল থেকে দেশটির ক্ষমতায় ছিল তালেবান। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সংগঠনটি বিশ্বে অমুসলিমদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে আসছে। এ যুদ্ধকে অবশ্য তারা জিহাদ বা ধর্মীয় লড়াই বলে আখ্যায়িত করে থাকে।প্রচারিত বার্তায় সংগঠনটি জানায়, তারা ইসলামের প্রতি ভালোবাসা থেকে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। বর্তমানে সংগঠনটির সামরিক ও বেসামরিক ব্যয় নির্বাহের জন্য বিশ্বের মুসলিম ভাইদের কাছ থেকে আর্থিক সহযোগিতা জরুরি হয়ে পড়েছে।এভাবে ওয়েবসাইটে সাহায্যের জন্য আবেদন প্রচার করাকে বিশ্লেষকেরা জঙ্গি সংগঠনটির একধরনের প্রচারণার কৌশল হিসেবে দেখছেন। কাবুল বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্র আফগান সেন্টারের পরিচালক ও গবেষক আবদুল ওয়াহেদ ওয়াফা জানান, তাঁর ধারণা, এটা তালেবানের একধরনের প্রচারণা কৌশল। এর মাধ্যমে তারা দেখাতে চাইছে, সাধারণ মানুষ তাদের জিহাদকে সমর্থন করে এবং তাদের কাছ থেকেই সংগঠনটির তহবিল জোগাড় করা হয়ে থাকে।পশ্চিমা ও আফগান গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, আফগান তালেবানের তহবিল আসে কোটি কোটি ডলারের আফিম ব্যবসা থেকে। এই আফিম শক্তিশালী মাদক হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহূত হয়। আফগানিস্তানে বিশ্বের ৯০ শতাংশের বেশি আফিম উৎপাদিত হয়। এএফপি।