মুয়াম্মার গাদ্দাফির আটককারী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে যাঁরা পাকড়াও করেছিলেন, তাঁদের অন্যতম ওমরান বিন শাবান গত মঙ্গলবার মারা গেছেন। গাদ্দাফির সমর্থকেরা কিছুদিন আগে তাঁকে অপহরণ করে নির্যাতন ও গুলিতে আহত করার পর তিনি ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সশস্ত্র ব্যক্তিরা ওমরানকে গত জুলাই মাসে অপহরণ করে। তখন থেকে তাঁকে ৫০ দিন ত্রিপোলির দক্ষিণ-পূর্বে গাদ্দাফি সমর্থকদের শক্ত ঘাঁটি বলে পরিচিত বনি ওয়ালিদ শহরে আটকে রাখা হয়। লিবিয়ার অন্তর্বর্তীকালীন নেতা ও ক্ষমতাসীন জেনারেল ন্যাশনাল কংগ্রেসের (জিএনসি) প্রেসিডেন্ট মোহাম্মদ মাগারিফের প্রচেষ্টায় গত সপ্তাহে ছাড়া পান ওমরান। মুক্তির পর তাঁকে আহত অবস্থায় চিকিৎসার জন্য প্যারিসে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার রাতে তিনি মারা যান।লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় নিজ শহর মিসরাতায় ওমরান বিন শাবানের মরদেহ নিয়ে যাওয়ার পর সেখানে সমবেত হয় ১০ হাজারের বেশি শোকার্ত মানুষ। মৃত্যুকালে ওমরানের বয়স হয়েছিল ২২ বছর। তাঁকে বীরের মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছে লিবিয়া সরকার। এদিকে ওমরানের মৃত্যুর ঘটনায় রাজধানী ত্রিপোলিতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা তাঁর মৃত্যুর প্রতিশোধ নিতে সরকারের প্রতি আহ্বান জানায়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে ক্ষমতাসীন জিএনসি বলেছে, লিবিয়া একজন ‘সাহসী বীর’কে হারাল। এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করারও অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিবিসি।