লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফিকে মিলিশিয়ারা আটক করার পরই হত্যা করেছে। তাঁর গাড়িবহরে চালানো হয়েছিল গণহত্যা। গত বছরের ২০ অক্টোবর লিবিয়ার সিরত শহরে তাঁকে হত্যা করা হয়। গতকাল বুধবার হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।গাদ্দাফিকে হত্যার পর লিবিয়ার কর্তৃপক্ষ বলেছিল, ক্রসফায়ারে তাঁর মৃত্যু হয়েছে। তবে এইচআরডব্লিউর নতুন প্রতিবেদন গাদ্দাফির মৃত্যু নিয়ে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।এইচআরডব্লিউর জরুরি পরিস্থিতিবিষয়ক পরিচালক পিটার বাউকার্ট বলেন, ‘তথ্য-প্রমাণ ঘেঁটে দেখা গেছে, সিরতে গাদ্দাফির গাড়িবহর থেকে আটক করার পরপরই অন্তত ৬৬ জনকে মিলিশিয়ারা হত্যা করে।’ তিনি আরও বলেন, ‘গাদ্দাফির ছেলে মুতাসিম গাদ্দাফিকেও মিলিশিয়ারা আহত অবস্থায় মিসরাতা থেকে আটকের পর হত্যা করে।’পিটার বাউকার্ট বলেন, ‘গাদ্দাফিকে আটক করার পর হত্যা করা হয়নি; ক্রসফায়ারে পড়ে তাঁর মৃত্যু হয়েছে—লিবিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষের এমন বিবৃতির বিষয়ে আমাদের অনুসন্ধানে ব্যাপক গরমিল ধরা পড়েছে।’‘ডেথ অব এ ডিক্টেটর: ব্লাডি ভেনজেন্স ইন সিরত’ নামের ৫০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে গাদ্দাফির জীবনের অন্তিম মুহূর্তগুলোর বিস্তারিত তুলে ধরা হয়েছে। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও ভিডিও ফুটেজ পরীক্ষা করে কী অবস্থায় গাদ্দাফির মৃত্যু হয়েছিল—তা তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, মিসরাতাভিত্তিক মিলিশিয়ারা গাদ্দাফির গাড়িবহরের সদস্যদের আটকের পর নিরস্ত্র করে। এরপর তাঁদের নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এতে আরও বলা হয়, গাদ্দাফিবিরোধীদের কাছ থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, গাদ্দাফিকে জীবিত অবস্থায় আটক করা হয় এবং তাঁর মাথার একটি জখম দিয়ে দিয়ে রক্ত পড়ছিল। এ সময় বিদ্রোহীরা তাঁকে নির্মমভাবে পেটায় এবং তাঁর শরীরে বেয়নেট দিয়েও আঘাত করে।এইচআরডব্লিউ বলেছে, গাদ্দাফিকে হত্যার পর এর যাবতীয় তথ্য-প্রমাণ লিবিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি এ ঘটনায় কর্তৃপক্ষকে একটি পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বানও জানানো হয়েছিল। এএফপি।