ইউরোপের ২৮টি দেশের সংগঠন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই দিনব্যাপী এক শীর্ষ সম্মেলন গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে শুরু হয়েছে। সম্মেলনের মূল আলোচ্য অর্থনীতি ও অভিবাসন সমস্যা হলেও এসব ছাপিয়ে ইউরোপের ওপর মার্কিন নজরদারির বিষয়টি প্রাধান্য পেতে পারে।
সাম্প্রতিক সময়ে ইউরোপের ভঙ্গুর অর্থনীতি নিয়ে বিচলিত ওই অঞ্চলের নেতারা। একই সময়ে ইতালি ও মাল্টার উপকূলে আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের সময় নৌকাডুবিতে শতাধিক অবৈধ অভিবাসীর মৃত্যু হয়। এ কারণে ব্রাসেলসের আলোচনায় এই দুটি বিষয়কে মূল আলোচ্যসূচি করা হয়েছে।
এই প্রেক্ষাপটে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) বিরুদ্ধে এবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মুঠোফোনে নজরদারির অভিযোগ উঠেছে। এর কয়েক দিন আগেই ফ্রান্সের অন্তত সাত কোটি ফোনকলে আড়িপাতার অভিযোগ ওঠে এনএসএর বিরুদ্ধে। গতকাল শুরু হওয়া দুই দিনের ইইউ সম্মেলনে মার্কিন নজরদারির বিষয়টি মূল আলোচ্য হিসেবে অন্তর্ভুক্ত করার চাপ ছিল ফ্রান্সের পক্ষ থেকে। তার পরও বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি। তবে সর্বশেষ চ্যান্সেলর মেরকেলের মুঠোফোনে নজরদারির অভিযোগ ওঠায় ব্রাসেলসে সম্মেলনের মূল আলোচ্যসূচি ছাপিয়ে নজরদারির বিষয়টিই প্রধান হয়ে উঠতে পারে।
জার্মানি ও ফ্রান্স নজরদারির বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা দাবি করার বিষয়ে ইইউ নেতাদের কাছ থেকে সমর্থন পাওয়ার আশা করছে। ইইউ কমিশনার মাইকেল বার্নিয়ার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে বলেছেন, ‘বন্ধুদের মধ্যে অবশ্যই পারস্পরিক আস্থা থাকতে হবে। আমরা নজরদারির বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে দ্রুত এবং পূর্ণাঙ্গ ব্যাখ্যা চাই।’
কথা বলবেন মেরকেল-ওঁলাদ: মার্কিন নজরদারিতে ক্ষুব্ধ চ্যান্সেলর মেরকেল ও প্রেসিডেন্ট ওঁলাদ পরস্পরের সঙ্গে কথা বলবেন। ফ্রান্সের একটি কূটনৈতিক সূত্র জানায়, ব্রাসেলস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি পরস্পরের সঙ্গে কথা বলবেন এই দুই নেতা। তাঁদের আলোচনার মূল বিষয় হবে ‘কীভাবে সমন্বিতভাবে মার্কিন নজরদারির জবাব দেওয়া যায়।’ রয়টার্স।