পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত আতাউল্লাহ ২০০৯ সালে জঙ্গিবিরোধী এক অভিযানে আটক হয়েছিলেন। কিন্তু তিন মাস পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পাকিস্তানের দুজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।কর্মকর্তারা বলেন, মালালাকে যে দুজন বন্দুকধারী গুলি করেছেন, তাঁদের মধ্যে আতাউল্লাহও ছিলেন। তালেবানের শীর্ষস্থানীয় কমান্ডার ফজলুল্লার নির্দেশে তিনি এই হামলা চালান। ধারণা করা হচ্ছে, হামলার পরপরই আতাউল্লাহ আফগানিস্তানে পালিয়ে গেছেন।৯ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উত্তর-পশ্চিমে সোয়াত উপত্যকার মিংগোরা শহরে তালেবানের গুলিতে মারাত্মক আহত হয় মালালা (১৪)। পেশোয়ার ও রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে তাকে এখন যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মালালার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা বলেন, ২০০৯ সালে সোয়াত উপত্যকায় তালেবানবিরোধী সেই সামরিক অভিযানে সোয়াত তালেবানমুক্ত হয়েছিল।একজন কর্মকর্তা বলেন, ওই অভিযানের সময় আতাউল্লাহ আটক হয়েছিলেন। তিন মাস তিনি নিরাপত্তা বাহিনীর হেফাজতে ছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণের অভাবে তাঁকে ছেড়ে দিতে হয়েছিল।আরেক কর্মকর্তা বলেন, সোয়াতে আতাউল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, আতাউল্লাহকে আত্মসমর্পণে বাধ্য করতে তাঁর মা ও দুই ভাইকে আটক করা হয়েছে। এ ছাড়া তাঁর দুই ঘনিষ্ঠ আত্মীয়কেও নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। দ্বিতীয় কর্মকর্তা আরও বলেন, ২০০৯ সালে আটকের সময় আতাউল্লাহ কট্টর জঙ্গি ছিলেন না। রয়টার্স।