মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতজুড়ে বামপন্থীদের অবস্থান ধর্মঘট
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বামপন্থীদের ডাকে ভারতজুড়ে অবস্থান ধর্মঘট আর জেল ভরো কর্মসূচি পালিত হয়েছে। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে বামফ্রন্টের ডাকে মূল্য বৃদ্ধি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতাসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশজুড়ে পালিত হয় সরকারি অফিসের সামনে অবস্থান ধর্মঘট। কলকাতার সব সরকারি দপ্তরের সামনে বামফ্রন্টের কর্মী-সমর্থকেরা হাতে পোস্টার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে অবস্থান ধর্মঘটে শামিল হয়। এই অবস্থান ধর্মঘটে কলকাতার সব সরকারি অফিস কার্যত অচল হয়ে পড়ে। প্রতিটি অফিসের সামনে পিকেটিং করে বাম সমর্থকেরা। এই কর্মসূচি শুরু হয় সকাল নয়টায়। বিক্ষোভ চলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত।এই অবস্থান আন্দোলন রাজ্যের সর্বত্র শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও শিলিগুড়িতে বামফ্রন্টের অবস্থান মঞ্চে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বাম নেতারা বলেছেন, কংগ্রেস সমর্থকেরা তাঁদের অবস্থান মঞ্চে হামলা চালিয়ে ভেঙে দেয় ।পশ্চিমবঙ্গ বাদে এদিন অন্যান্য রাজ্যে অবস্থান ধর্মঘটের পাশাপাশি জেল ভরো কর্মসূচিও পালিত হয়। রাজধানী নয়াদিল্লিতে গতকাল দুপুরে সিপিএম নেতা প্রকাশ কারাত, সিপিআই নেতা এ বি বর্ধন, ফরোয়ার্ড ব্লক নেতা দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে বাম দলের নেতা-কর্মীরা যন্তরমন্তর থেকে এক বিশাল মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও জলকামান ছেড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে পাঁচজন আহত হয়।