মৃত বাবার কাছ থেকে এল জন্মদিনের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার সঙ্গে বেইলি সেলারস। ছবি: বিবিসির সৌজন্যে।
বাবার সঙ্গে বেইলি সেলারস। ছবি: বিবিসির সৌজন্যে।

২১ বছরে পা দিয়েছেন যুক্তরাজ্যের বেইলি সেলারস। একরাশ আনন্দের বদলে জন্মদিনে তাঁর মনটা ভরে আছে বিষাদে। কারণ, বাবার লেখা শেষ চিঠি ও উপহার তাঁর হাতে এসে পৌঁছেছে। আর কোনো দিনই এমন কিছু তাঁর কাছে আসবে না।

গত পাঁচ বছর ধরে প্রতি জন্মদিনে বাবার চিঠি, ফুল আর ছোটবেলার ছবি উপহার পান বেইলি। যা তাঁর কাছে সবচেয়ে প্রিয় এবং কাঙ্ক্ষিত উপহার। মেয়েকে অসম্ভব ভালোবাসতেন বাবা। হ্যাঁ বাসতেন। কারণ, পাঁচ বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বেইলির তখন ১৬ বছর বয়স। এরপরও পাঁচ বছর মেয়েকে উপহার পাঠিয়েছেন তিনি। কীভাবে?

মৃত্যুর আগে উপহার দেওয়ার জন্য একটি প্রি পেইড ব্যবস্থা করে নিয়েছিলেন বেইলির বাবা। পাঁচ বছর ধরে ফুলের সঙ্গে একটি করে চিঠি আর ছোটবেলার ছবি মেয়ের জন্মদিনে পৌঁছে যায় সময়মতো। এবারেরটা ছিল তাঁর শেষ চিঠি। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি সব সময় তোমার সঙ্গে থাকব, থাকব প্রতিটি মাইলফলকে। চারপাশে তাকাবে, আমাকে খুঁজে পাবে। তোমার সঙ্গে আবার দেখা না হওয়া পর্যন্ত এটাই তোমাকে লেখা আমার শেষ ভালোবাসার চিঠি। আমার সোনা, আমি চাই না তুমি আমার জন্য এক ফোঁটা অশ্রু ফেলো। কারণ, আমি অনেক ভালো আছি।’

টুইটারে মৃত বাবার এই অসাধারণ উপহারের ছবি ও চিঠির কথা জানিয়েছেন বেইলি। লিখেছেন, ‘তোমাকে খুব মিস করি, বাবা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বেইলির এই পোস্টে মন্তব্য করেন। একজন লিখেছেন, ‘এটা আমাকে কাঁদিয়েছে। তোমার জন্য আমার কষ্ট হচ্ছে। তিনি তোমার জন্য যা করেছেন, তা একই সঙ্গে প্রচণ্ড কষ্টের ও হৃদয়স্পর্শী।’ এ মন্তব্যের জবাবে বেইলি লেখেন, ‘প্রতিবছর আমি জন্মদিনের জন্য অপেক্ষা করি। কারণ, আমি অনুভব করি তিনি আমার সঙ্গে এখনো আছেন। কিন্তু এবারই শেষ, আর এমন কিছু পাব না। কষ্টে আমার মনটা ভেঙে যাচ্ছে।’