‘

আমার মেয়ে ফেলানীকে যেভাবে গুলি করে হত্যা করেছে এবং টেনেহেঁচড়ে গরু-ছাগলের মতো নিয়ে গেছে, আমি এই হত্যাকাণ্ডের ন্যায্য বিচার চাই।’
ফেলানীর বাবা নুর ইসলাম আরও বলেন, ‘আমাকে তিন ঘণ্টা ধরে জেরা করেছে। তাঁরা নানাভাবে চেষ্টা করেছে যেন আমি ভুল বলি। আমি সব জবাবই সঠিকভাবে দিয়েছি। পবিত্র কোরআন শরিফ হাতে নিয়ে মৃত মেয়ের শপথ করে সত্য জবানবন্দি দিয়েছি।’
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাক্ষ্য দিয়ে আজ মঙ্গলবার বাংলাদেশে ফিরে এসেছেন তাঁর বাবা নুর ইসলাম ও মামা আবদুল হানিফ। ফেরার পরে প্রথম আলো ডটকমকে এসব কথা বলেন ফেলানীর বাবা। এদিকে যেখানে ফেলানীকে হত্যা করা হয়, সেখানকার আশপাশের ভারতীয় গ্রামবাসীর মধ্যে দুজনের সাক্ষ্য নেওয়া হয়।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারের সোনারীতে সে দেশের বিএসএফের ১৮১ ব্যাটালিয়নের সদর দপ্তরে গঠিত বিশেষ আদালতে ফেলানীর বাবার সাক্ষ্য নেওয়া হয়।
এর আগে সকালে ফেলানীর বাবা, মামাসহ বাংলাদেশের প্রতিনিধিদলটি ভারতের কোচবিহার ছাড়েন। বিএসএফের কর্মকর্তাদের পাহারায় তাঁদের বাংলাদেশ সীমান্তে পৌঁছে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা বাংলাদেশে আসেন।
আমাদের পাটগ্রাম (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, আজ দুপুর সাড়ে ১২টায় লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্প কমান্ডার খাদেমুল ইসলাম ফেলানীর বাবা ও মামাকে গ্রহণ করেন।
সাক্ষ্য দেওয়ার জন্য গত রোববার বিকেলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ফেলানীর বাবা-মামা ভারতের কোচবিহারে যান। তাঁদের সঙ্গে ছিলেন ৪৫ কুড়িগ্রাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক ও কুড়িগ্রামের আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্রাহাম লিংকন।
মামলার ব্যাপারে পিপি আব্রাহাম লিংকন প্রথম আলো ডটকমকে বলেন, আশা করছি ১৫ দিনের মধ্যে বিচার শেষে ইতিবাচক রায় পাব।
এ ব্যাপারে ৪৫ কুড়িগ্রাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক বলেন, আশা করছি আসামি অমিয় ঘোষের ৭ থেকে ১৪ বছরের মধ্যে কোনো একটি শাস্তি হবে।
১৩ আগস্ট থেকে শুরু হয়েছে ফেলানী হত্যা মামলার বিচার। বিচার করার জন্য নিয়োগ করা হয়েছে পাঁচ সদস্যের একটি বিচারকমণ্ডলী। এর প্রধান হয়েছেন গুয়াহাটি বিএসএফের ফ্রন্টিয়ারের ডিআইজি (কমিউনিকেশন) সি পি ত্রিবেদী। এ ছাড়া বিচারকমণ্ডলীতে রয়েছেন আরও চারজন কমান্ড্যান্ট। এই বিচারকাজে সহায়তা করার জন্য বিএসএফ দিল্লি থেকে একজন আইনবিষয়ক কর্মকর্তাকেও এনেছেন।
২০১১ সালের ৭ জানুয়ারি ১৫ বছরের ফেলানী বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়। কাঁটাতারের ওপর দীর্ঘক্ষণ ঝুলে থাকা ফেলানীর মৃতদেহ নিয়ে সারা বিশ্বে হইচই পড়ে যায়। মানবাধিকার সংগঠনগুলো ওই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়। এর পরিপ্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানিয়ে ঘটনার বিচার দাবি করা হয়। এরপর বিএসএফ ফেলানী হত্যার ঘটনায় একটি মামলা করে। গঠন করে জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট।
দীর্ঘ আড়াই বছর পর ১৩ আগস্ট কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে কোচবিহারের সোনারীতে বিএসএফ ১৮১ সদর দপ্তরে ফেলানী হত্যার দায়ে অভিযুক্ত বিএসএফের সদস্য অমিয় ঘোষের বিচার শুরু হয়। যে আদালতে ফেলানী হত্যার বিচার চলছে, তা সেনা কোর্ট মার্শালের সমতুল্য। প্রথম দিন বিচারকাজ পরিচালনার জন্য পাঁচজন বিচারককে নিয়োগ দেওয়া হয়। পরের দিন ১৪ আগস্ট থেকে শুনানি শুরু হয়। প্রথম দিনে অভিযুক্ত কনস্টেবল অমিয় ঘোষকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনানো হয়। অমিয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা (অনিচ্ছাকৃত খুন) এবং বিএসএফ আইনের ১৪৬ ধারায় অভিযোগ নেওয়া হয়েছে।