মৃত সন্তানকে হীরা বানিয়ে রাখলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানের স্মৃতি ধরে রাখতে এক বাবা মৃত সন্তানের দেহাবশেষ হীরায় পরিণত করেছেন। ছবি: সংগৃহীত
সন্তানের স্মৃতি ধরে রাখতে এক বাবা মৃত সন্তানের দেহাবশেষ হীরায় পরিণত করেছেন। ছবি: সংগৃহীত

উত্তর ইতালির ট্রেভিসোতে বসবাসকারী এক বাবা তাঁর মৃত সন্তানের ছাইভস্ম হীরায় পরিণত করেছেন। তাঁর সন্তান এ বছর সড়ক দুর্ঘটনায় মারা যান।
পিটিআইয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়া আজ সোমবার জানায়, সন্তানের স্মৃতি ধরে রাখতে বাবা সন্তানের দেহাবশেষ মূল্যবান হীরায় পরিণত করার সিদ্ধান্ত নেন। সন্তানের মৃতদেহ কবর দেওয়ার কয়েক মাস পর বাবা কবর খুঁড়ে সন্তানের দেহের একাংশ তুলে সেটি দাহ করেন এবং ছাইকে মূল্যবান রত্নে পরিণত করার জন্য সুইজারল্যান্ডে পাঠান।
উল্লেখ্য যে, ছাইয়ে থাকে কার্বন। হীরা তৈরির জন্য প্রথমে ছাই পরিশোধন ও ছাঁকনের মাধ্যমে কার্বন পৃথক করা হয়। পরে কার্বনকে নিদিষ্ট আধারে উচ্চচাপ ও তাপ প্রয়োগ করা হয়। আগ্নেয়গিরির ভেতরে লাভাতে যে পরিমাণ চাপ ও তাপ থাকে, এ আধারেও সে পরিস্থিতি সৃষ্টি করা হয়। এভাবে কার্বন থেকে তৈরি হয় কৃত্রিম হীরা।
‘নিউইয়র্ক ডেইলি নিউজ’ জানিয়েছে, ছাই থেকে হীরা তৈরি করতে চাইলে ১৮ হাজার ডলারের (১৪ লাখ টাকার) মতো খরচ হয়। আট মাস অপেক্ষার পর বাবা তাঁর সন্তানের ছাই থেকে তৈরি ‘হীরাটি’ হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছে দৈনিকটি।